হাউসফুলের অতিথি রাজ্জাক, সোহেল রানা
অভিনেতা রাজ্জাক ও সোহেল রানা—বাংলাদেশের চলচ্চিত্রের দুই শক্তিমান অভিনেতা। দেশীয় চলচ্চিত্রের এই দুই জনপ্রিয় অভিনেতা এবার দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় গেম শো হাউসফুলের সেমিফাইনালে। অনুষ্ঠানে তাঁরা দুজন অতিথি হয়ে উপস্থিত হয়েছেন। ৯ মার্চ শুক্রবার রাত নয়টায় হাউসফুলের প্রথম সেমিফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোহেল রানা। পরদিন শনিবার একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে থাকবেন নায়ক রাজ রাজ্জাক। এই দুই পর্বে তিনজন করে মোট ছয়জন বিজয়ী যাবেন ফাইনালে। চূড়ান্ত পর্বের বিজয়ী পাবেন একটি নতুন গাড়ি। প্রযোজক সূত্রে জানা গেছে, জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৬ মার্চ। এতে হাউসফুল অনুষ্ঠানে এ পর্যন্ত যতজন তারকাশিল্পী অতিথি হয়ে এসেছেন, তাঁরা সবাই উপস্থিত থাকবেন।উল্লেখ্য, চলচ্চিত্র-বিষয়ক এই গেম শোর মধ্য দিয়ে বাংলাদেশের দর্শকদের কাছে চলচ্চিত্রের অতীত ও বর্তমানকে তুলে ধরা হয়। পাশাপাশি সুস্থ ধারার চলচ্চিত্র সম্পর্কে জনমত গঠনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। হাউসফুল অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর। আর প্রযোজনা করেছেন তোফায়েল সরকার।