হাওর ডুবছে, ভাঙছে কৃষকের স্বপ্ন
সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৩ কোটি টাকার বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন হাওরে সবেগে ঢুকছে পাহাড়ি ঢলের পানি। হাওরের পানি বৃদ্ধি এর মধ্যে বিপৎসীমার অতীতের সব রেকর্ড ভেঙেছে। বেশির ভাগ এলাকায় পানির তোড়ের সঙ্গে পাল্লা দিয়ে এই ধান কেটে নেওয়া সম্ভব হচ্ছে না কৃষকদের। ধরমপাশায় গতকাল বৃহস্পতিবার সকালে আরও তিনটি ইউনিয়নের তিন হাজার ৮০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। পাহাড়ি ঢলে ঘোড়াউত্রা ও ধনু নদের পানি বেড়ে কিশোরগঞ্জের নিকলী উপজেলার ১০টি বাঁধ এখন হুমকির মুখে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সুনামগঞ্জ ও ধরমপাশা: সুনামগঞ্জের বিভিন্ন হাওরপারে ফসল হারানো কৃষকদের আহাজারি চলছে। বেশির ভাগ হাওরের বোরো ধান এখন পানির নিচে। সদর উপজেলার কানলার হাওর, জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর, তাহিরপুরের মাটিয়ান হাওর, সমসার হাওর; দিরাইয়ের চাপতির হাওর, বরাম হাওর, বানডার হাওর; ধরমপাশার চন্দ্রসোনারথাল, সোনামড়ল, গুমরার হাওর; দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওর, মোল্লাপাড় হাওর; জামালগঞ্জের হালির হাওরের বোরো ফসল তলিয়ে গেছে। এ ছাড়া তাহিরপুর উপজেলার ২৩টি হাওরের মধ্যে ২২টির ফসল তলিয়ে গেছে। ধরমপাশা উপজেলার ৭৬টি হাওরের মধ্যে এখন ৪৫টির ফসল পানির নিচে।জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম প্রথম আলোকে বলেন, ‘সুনামগঞ্জে হাওরের পানি বিপৎসীমার সব রেকর্ড অতিক্রম করেছে। পানি বেড়েই চলেছে। কোনোভাবেই আর হাওরের ফসল রক্ষা করা যাবে না।’বুধবার সকালে জামালগঞ্জের হালির হাওরে ঢুকেছে ঢলের পানি। এই হাওরে বোরো ফসল ছিল প্রায় ২০ হাজার হেক্টর জমিতে। বৌলাই নদীর তীর উপচে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যখন হাওরে পানি ঢোকে, তখন কৃষকেরা হাওরেই ছিলেন। তাঁদের চোখের সামনে আধাপাকা ধান তলিয়ে যায়। হাওরের বিস্তীর্ণ এলাকার ডুবন্ত আধাপাকা ধান দেখিয়ে নোয়াগাঁও গ্রামের কৃষক তোয়াকুল শাহ (৭০) বলেন, ‘আর কিতা করমু বাবা? এখনত সব দিকে পানি ঢুকের, আমরা মাটি দিমু কোনখানে। আশা ছাড়ি দিছি...।’ কথা শেষ না করেই চোখ মোছেন তিনি। বদরপুর গ্রামের কৃষক আলী আকবর বলেন, ‘এতো পানি ইবার কই থাকি আইল? আর কয়টা দিন পাইলে কিছু ধান তুলতাম পারলাম অনে। এখনত একবারে খালি হাতে হাওর থাকি ফিরলাম।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়. সুনামগঞ্জের এবার শতাধিক হাওরে এক লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়। ফসলের লক্ষ্যমাত্রা ধরা হয় সাড়ে ছয় লাখ মেট্রিক টন। পাউবো জেলার ৩৭টি হাওরের ফসল রক্ষায় ১৩১ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও মেরামতের কাজ করে। এ কাজে বরাদ্দ ছিল ১২ কোটি ৮০ লাখ টাকা। পরে বাঁধে আরও জরুরি কাজ হয়েছে। পাউবোর বাঁধ নির্মাণে শুরু থেকেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। কিছু ঠিকাদার বাঁধে কাজই করেননি বলে অভিযোগ রয়েছে।বাঁধের কাজে কোনো অনিয়ম হয়নি দাবি করে জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম বলেন, সুনামগঞ্জে অতীতে কখনো এত আগে ঢলের পানি আসেনি। যে কারণে সর্বোচ্চ চেষ্টা করেও ফসল রক্ষা করা যায়নি। উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ধরমপাশার ১০টি ইউনিয়নের ৭৬টি হাওরের ৩০ হাজার ৪০০ হেক্টর জমির মধ্যে এ পর্যন্ত ৬২টি হাওরের ১৫ হাজার ২৫ হেক্টর জমির ধান সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে।নিকলী (কিশোরগঞ্জ): বুধবার সকালে সিংপুর বড় বাঁধে গিয়ে দেখা গেছে, বিভিন্ন বয়সের নারী-পুরুষ মিলে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছে। পরীক্ষা বাদ দিয়ে বাঁধ রক্ষায় কাজ করতে আসা চতুর্থ শ্রেণীর ছাত্র শামীম বলে, ‘এখন বাঁধ রক্ষা না করলে ফসলের ক্ষতি হবে। সারা বছর খাব কী? শুধু আমি নই, শত শত ছাত্রছাত্রী বাঁধ রক্ষায় কাজ করছে।’ভুক্তভোগী কৃষকেরা জানান, পানি বেড়ে নিকলীর বরুলিয়ার বাঁধ, সিংপুর বড় হাওরের বাঁধ, ভাটি বরাটিয়ার মাধাইনগর বাঁধ, খইরা বাঁধ, নয়া বাঁধ, ঘাঘাইরা বাঁধ, দিঘলার বাঁধ, দরুশকা বাঁধ, শুলাবাড়িয়ার বাঁধ ও গোড়াদিঘার জাইল ভাঙা বাঁধের মাথা ছুঁই ছুঁই করছে।