হাওর পাড়ের বাতিঘর নিভু নিভু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের প্রাণকেন্দ্রে স্থাপিত বানিয়াচং আদর্শ উচ্চবিদ্যালয়ে শিক্ষকস্বল্পতায় পড়ালেখার মান কমে যাচ্ছে। অথচ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার মান ভালো হওয়ায় প্রতি বছরই বিদ্যালয়টিতে ভর্তি প্রতিযোগিতা লেগেই থাকত। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সার্বিক শিক্ষার হার ৩৮ শতাংশ। অথচ বানিয়াচং আদর্শ উচ্চবিদ্যালয়েই শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৩০০ জন। আর এতগুলো শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন (এমপিওভুক্ত ১০ জন, খণ্ডকালীন ১০ জন) মোট ২০ জন। অথচ প্রতি ৪০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকার নিয়ম।বিদ্যালয় সূত্র জানায়, ১৯৮৫ সালে তত্কালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিদ্যালয়টি উদ্বোধন করেন। প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও কয়েকজন শিক্ষানুরাগীর আপ্রাণ চেষ্টায় এখানকার শিক্ষার মান ভালো হতে থাকে। জুনিয়র বৃত্তি, এসএসসিসহ বিদ্যালয়টির সার্বিক বার্ষিক পরীক্ষার ফলাফল হবিগঞ্জ জেলার মধ্যে উল্লেখযোগ্য। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক দিক দিয়েও প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। ফলে প্রতি বছরই এখানে শিক্ষার্থী ভর্তির চাপ থাকে এবং অন্যান্য বিদ্যালয়ের চেয়ে এখানে বেশি শিক্ষার্থী ভর্তি হয়। কিন্তু সে তুলনায় নতুন শাখার অনুমোদন না থাকায় এলাকার শিক্ষার্থীরা বিপাকে পড়ে। এ অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তারা অন্যত্রে ভর্তি হতে বাধ্য হয়। অপরদিকে যে পরিমাণ শিক্ষার্থী আছে, সে অনুপাতে শিক্ষক না থাকায় তাঁরাও পাঠদানে হিমশিম খান। ফলে বিদ্যালয়টি শিক্ষার ক্ষেত্রে আগের সুনাম ধরে রাখতে পারছে না।এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘আমাদের বিদ্যালয়টি হাওরের বাতিঘর তুল্য। এখান থেকে প্রতি বছর শত শত শিক্ষার্থী বের হচ্ছে। অথচ শিক্ষকস্বল্পতায় বিদ্যালয়টি নিজেই দিন দিন অন্ধকারে ডুবে যাচ্ছে। প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় জানান, নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষকে শিক্ষকস্বল্পতার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত।উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা বলেন, ‘আমরা যথা সম্ভব চেষ্টা করছি। কিন্তু শাখা খোলার অনুমোদন ও শিক্ষক দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন হওয়ায় বোর্ডের কিছুই করার নেই।