হাওর-বাঁওড়ের দেশ হয়ে পড়ছে জলশূন্য
সুনামগঞ্জের তাহিরপুরের সঙ্গে অভ্যন্তরীণ কিংবা সড়ক যোগাযোগ নেই বললেই চলে। এখানে নৌপথই ভরসা। হেমন্তকালে প্রয়োজনের তাগিদে লোকজন পায়ে হেঁটে কিংবা সাইকেল ও মোটরসাইকেলে কিছুটা চলাচল করতে পারলেও মালামাল পরিবহনে একমাত্র ভরসা নৌকা। কিন্তু বর্তমানে নদীগুলো নাব্যতা হারানোয় এর বিরূপ প্রভাব পড়েছে উপজেলাবাসীর জীবনযাত্রায়। এ উপজেলায় বৌলাই, রক্তি ও পাটলাই—তিনটি প্রধান নদী। পাহাড় থেকে নেমে আসা বালি আর পলি জমে এ নদীগুলো নাব্যতা হারানোয়, মরে গেছে এগুলোর শাখা নদী ও খালগুলোও। হাওরগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। উপজেলার ব্যবসাবাণিজ্য হুমকির মুখে। পরিবহনের দুরবস্থার কারণে তাহিরপুরে দ্রব্যমূল্যের দাম পার্শ্ববর্তী উপজেলাগুলোর চেয়ে অনেক বেশি। বিপন্ন হতে চলেছে নদীপাড়ের লোকজনের জীবন ও জীবিকা ।বৌলাই নদী: নদীটি নিশ্চিতপুর থেকে চিক্সা পর্যন্ত শুকিয়ে গেছে। আর এতে করে নভেম্বর মাসেই নৌ-চলাচল বন্ধ হয়ে পড়ে। উপজেলা সদরের পাশ দিয়ে প্রবাহিত বৌলাই পশ্চিমে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীর সঙ্গে মিলিত হয়েছে। এ নদী দিয়েই পূর্ব দিকে সুনামগঞ্জ জেলা শহর এবং পশ্চিম দিকে নেত্রকোনার মোহনগঞ্জ, কলমাকান্দা, সুনামগঞ্জের ধর্মপাশা ও কিশোরগঞ্জের ভৈরবসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ। নদীটির নাব্যতা সংকটে হেমন্তে উপজেলা সদরের সঙ্গে অভ্যন্তরীণ ও বাইরের নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপজেলা সদর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ রায় জানান, তাহিরপুর বাজারের মালামাল আসে ভৈরব ও সুনামগঞ্জ থেকে। হেমন্তে বৌলাই নদীটি শুকিয়ে যাওয়ায় ছোট ছোট ডিঙিতে করে মালামাল সুলেমানপুর আনা হয়। সুলেমানপুর থেকে ট্রলিতে তাহিরপুর খেলার মাঠ এবং সেখান থেকে ঠেলাগাড়ি দিয়ে বাজারে আনতে হয়। এতে করে ৫০০ কিলোমিটার নৌপথে যে খরচ ও ঝামেলা হয়, তার চেয়ে অধিক খরচ ও ঝামেলা পোহাতে হয়। ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। নদীটিতে পানি থাকলে মালামাল সরাসরি তাহিরপুর বাজারে পৌঁছানো যেত।নদী তীরবর্তী, সে সঙ্গে শনির হাওর পাড়ের ঠাকুর হাটি গ্রামের বাসিন্দা জোসেফ আখঞ্জি বলেন, নদী শুকিয়ে যাওয়ায় প্রতিদিন আমাদের দুই কিলোমিটার দূরে গিয়ে গোসল করতে হয়। মধ্য তাহিরপুর গ্রামের গৃহবধূ রতিফুল বেগম বলেন, বৌলাই নদী হেঁটে পাড়ি দিয়ে দেড় কিলোমিটার দূরে উপজেলা হাসপাতালের পুকুরে গিয়ে প্রতিদিন আমাদের গোসল ও কাপড় ধোয়ার কাজ করতে হয়। এতে দিনের বেশির ভাগ সময় চলে যায়। রক্তি নদী: মেঘালয় থেকে উত্পন্ন হয়ে জাদুকাটা নদীটি বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার ভেতরে বালিজুরী ইউনিয়নের ফাজিলপুর এসে নাম নিয়েছে রক্তি। এখানেই নদীটি বৌলাইয়ের সঙ্গে মিলিত হয়েছে। বিখ্যাত সিলেট বালি এ নদী থেকেই সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় নেওয়া হয়। মেঘালয় থেকে নেমে আসা বালি ও পাথরের কারণে নদীটি সম্পদশালী ও গুরুত্বপূর্ণ। কিন্তু আবার এ বালি-পাথরই নদীটির কাল হয়েছে। হারিয়েছে তার নাব্যতা। হেমন্তকালে কয়েক মাস তো এখানে একেবারেই নৌ-চলাচল বন্ধ হয়ে পড়ে। নদীপাড়ের বাসিন্দারা জানান, শীতের শুরু থেকেই বড় নৌকার পরিবর্তে ছোট নৌকা চালাতে হয়। তারপরও নদীটির বিভিন্ন স্থানে কয়েক কিলোমিটার পর্যন্ত দেখা দেয় নৌ-জট। এ নদীকে কেন্দ্র করে প্রত্যক্ষভাবে ৪০ হাজার শ্রমিক জড়িত। এ সময় শ্রমিকদের ৩০ হাজারই বেকার হয়ে পড়ে। ফাজিলপুর বালি-পাথর ব্যবসায়ী সমিতি সূত্রে জানা যায়, এ নদী থেকে প্রতি বছর পাঁচ কোটি ঘনফুট বালি, এক কোটি ঘনফুট নুড়ি, বোলডার ও ভাঙা পাথর দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। কিন্তু নদীটির নাব্যতা সংকটে অক্টোবর মাস থেকেই ব্যবসাবাণিজ্যে ভাটা পড়ে। উপজেলা বারকি শ্রমিক সমিতির সভাপতি আবুল হুদা বলেন, এ নদীতে ১৫ হাজার বারকি শ্রমিক কাজ করে। রক্তি ও এর আশপাশের নদীগুলো শুকিয়ে যাওয়ায় অক্টোবর মাসেই বন্ধ হয়ে যায় বারকি নৌকা দিয়ে বালি ও পাথর তোলা। এতে করে বেকার হয়ে পড়ে শ্রমিকেরা। বালি-পাথর ব্যবসায়ী সিঙ্গাপুর-দুই নৌযানের মালিক মোহাম্মদ মনির হোসেন জানান, নদীটি শুকিয়ে যাওয়ায় তিনি বড় নৌকা বিক্রি করে এখন ১২ শ ফুট বালি-পাথর বহনে সক্ষম ছোট নৌকা বানিয়েছেন। সংশ্লিষ্ট বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাখাব উদ্দিন বলেন, বালির কারণে নদীটি গুরুত্বপূর্ণ। আবার বালিতেই নদীটির তলদেশ ভরাট হয়ে পড়ছে। নদীটি খননের জন্য অনেক আবেদন-নিবেদন করেছি। কিন্তু কাজ হচ্ছে না। বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান বলেন, রক্তি নদীর পাঁচ কিলোমিটার খনন করলে বালি-পাথর ব্যবসার মাধ্যমে এ অঞ্চলের লোকজনের জীবনমানের উন্নয়ন ঘটবে।পাটলাই নদী: দেশের উত্তর-পূর্ব সীমান্তে মেঘালয় পাহাড় থেকে নদীটির উত্পত্তি। দেশের অন্যতম কয়লা আমদানি শুল্ক স্টেশন বড়ছড়া দিয়ে ভারত থেকে আমদানি করা সব কয়লা এ নদী দিয়েই দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। কিন্তু নদীটির নাব্যতা সংকটে হেমন্তকালে চার থেকে সাত কিলোমিটার পর্যন্ত নৌ-জটের সৃষ্টি হয়। মার্চ ও এপ্রিল মাসে একেবারেই বন্ধ হয়ে পড়ে নৌ-চলাচল। নৌযান শ্রমিক ও কয়লা ব্যবসায়ীরা জানান, এ সময় ব্যবসাবাণিজ্যে দেখা দেয় স্থবিরতা। বেকার হয়ে পড়ে এর সঙ্গে সম্পৃক্ত ৩০ হাজার শ্রমিক। নাব্যতা সংকটে ৩০ মিনিটের পথ পার হতে ১৫ দিন পর্যন্ত সময় লেগে যায়।হেমন্তে সীমান্তসংলগ্ন ডাম্পের বাজার এলাকায় নদীটির মধ্যে বাঁধ দিয়ে পাহাড় থেকে নেমে আসা ছড়ার পানি আটকিয়ে নৌকায় মালামাল পরিবহনের ব্যবস্থা করা হয়। প্রতি বছর বর্ষায় এ বাঁধ ভেঙে যায়। আবার হেমন্তে নতুন করে বাঁধ দেওয়া হয়। এতে করে বাঁধের মাটিতে নদীটির তলদেশ আরও ভরাট হয়ে গেছে।বড়ছড়া শুল্ক স্টেশনের তত্ত্বাবধায়ক আবুল লেইছ চৌধুরী জানান, নদীটির যদি নাব্যতা থাকত, তাহলে কয়লা আমদানির পাশাপাশি রাজস্ব আদায়ের পরিমাণও অনেক বাড়ত। শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, আমদানিকারকেরা প্রতিবছর সাত লাখ টন কয়লা ভারত থেকে আমদানি করে এবং এ থেকে এক শ কোটি টাকা রাজস্ব আদায় হয়। তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সভাপতি হাজী আলফাজ উদ্দিন খন্দকার বলেন, হেমন্তকালে কয়লার চাহিদা বাড়লেও নদীর নাব্যতা সংকট এবং মালামাল পরিবহনে বিকল্প কোনো পথ না থাকায় এ সময় ব্যবসাবাণিজ্য স্থবির যায়। এতে করে ক্ষতিগ্রস্ত হয় ৩০০ আমদানিকারক।তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির আন্তর্জাতিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন, যখন সারা দেশে কয়লা ব্যবসা জমজমাট হয়—তখন পাটলাই নদীতে পানি কম থাকায় আমাদের ব্যবসা ঝিমিয়ে পড়ে।কয়লা আমদানিকারক সমিতির সাবেক সভাপতি ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খাঁ বলেন, পাটলাই নদীটি বড়ছড়া থেকে শ্রীপুর বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং সুলেমানপুর এলাকায় পাটলাইয়ের শাখা পাইকরতলা নদীতে দুই কিলোমিটার খনন করলে সমস্যার সমাধান হবে। এতে সরকারের যে টাকা খরচ হবে, এক বছরের বাড়তি রাজস্ব থেকেই তা উঠে আসবে।কর্তৃপক্ষ যা বলে: তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বৌলাই, রক্তি ও পাটলাই নদী তিনটি খননের প্রস্তাব পাঠিয়েছি। জরুরি ভিত্তিতে এগুলো খনন করা দরকার। এগুলো খনন করা হলে ফসল ও মাছ উত্পাদনও বাড়বে। সরকার আরও অধিক রাজস্ব পাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, নদী তিনটি শুকিয়ে যাওয়া অংশ খনন করা জরুরি। আমরা এগুলো খননের চেষ্টা চালাচ্ছি। তিনি জানান, সেচ সংকট ও হাওরের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে স্বল্প পরিসরে খননের উদ্যোগ নেওয়া হয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১০ হাজার হেক্টর উঁচু জমি (কান্দা) রয়েছে। সেচ সুবিধা না থাকায় জমিগুলো চাষের আওতায় আনা যাচ্ছে না। তা ছাড়া নদী শুকিয়ে যাওয়ায় হাওরের পানি নদী দিয়ে বের হতে পারছে না বলে জলাবদ্ধতায় উপজেলার আরও ২৩টি হাওরে পাঁচ হাজার হেক্টর জমি অনাবাদি থেকে যাচ্ছে। শনির হাওর রক্ষা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুছ সোবাহান আখঞ্জি বলেন, হাওর ও নদী বাঁচলে কৃষক বাঁচবে। তাই কৃষক রক্ষায় নদী-হাওর খনন জরুরি।কিন্তু এ দিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, নদীগুলো খননের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই।জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, নদীর তলদেশ বালি ও পলিতে ভরাট হওয়ায় হাওরগুলোতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলায় ২৫৯টি গ্রাম রয়েছে। খাবার পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা থাকলেও গোসলসহ নিত্যপ্রয়োজনীয় সব কাজেই এসব গ্রামের লোকজন নদী বা বিলের ওপর নির্ভরশীল। কিন্তু হেমন্তে এসব এলাকার নদী শুকিয়ে যাওয়ায় তাঁদের দুর্ভোগ অনেক বেড়ে যায়। বেশি দুর্ভোগে পড়েন নারীরা। তবে তিনি বলেন, সীমান্তবর্তী ছড়াগুলো খননের পরিকল্পনা থাকলেও নদীগুলো খননের কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই।বালিতে ভরাট হাওরগুলোওসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্বত্রই পুরোদমে শুরু হয়েছে ইরি-বোরো চাষ। কিন্তু ১৪ জানুয়ারি সরেজমিন লোবার হাওরে গিয়ে দেখা যায়, এ অঞ্চলে চাষাবাদের কোনো তত্পরতাই নেই। হাওরটিকে দেখে মনে হচ্ছে, যেন মরুভূমি। এ বিষয়ে হাওর পাড়ের গোবিন্দপুর গ্রামের কৃষক পুলিন সরকার (৭৫) জানান, হাওরটিতে তাঁর ৬০ কিয়ার (১ কিয়ার=৩০ শতক) জমি রয়েছে। কিন্তু বালি পড়ে ভরাট হয়ে যাওয়ায় তাঁর সব জমিই চাষাবাদ অযোগ্য হয়ে পড়েছে। এসব জমিতে এখন আর কোনো ফসল হয় না। কিন্তু আগে এ জমি চাষ করেই তিনি সুখী জীবন কাটিয়েছেন।গোবিন্দপুর গ্রামের সুনীল রায়, প্রসূন কান্তি মৈত্র, রানা মৈত্র, টুকেরগাঁও গ্রামের গৌরাঙ্গ বর্মণ, দীপঙ্কর বর্মণ, সুধীর বর্মণ জানান, তাঁদের লোবার হাওরে জমি থেকেও তাঁরা আজ নিঃস্ব। কারণ, বালি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এখন আর সেখানে কোনো ফসল হয় না। হাওর পাড়ের কালন বর্মণ (৬৫) পেশায় জেলে। তিনি জানান, এখন হেমন্তে অধিকাংশ নদীই শুকিয়ে যাওয়ায় কিংবা পানি কমে যাওয়ায় মাছ ধরার মতো জায়গা থাকে না। তাই এখন বাধ্য হয়েই হেমন্তকালে কৃষি শ্রমিক হিসেবে অন্যের জমিতে কাজ করেন তিনি। একই অবস্থা এলাকার সব জেলেদের। খলাহাটি মত্স্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রবি বর্মণ বলেন, হাওরের খালবিলগুলো শুকিয়ে যাওয়ায় আমরা পেশাদার জেলেরা হেমন্তে বেকার হয়ে পড়ি।এলাকাবাসী জানান, ২৫ বছর আগেও হাওরটি ধান ও মাছের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে এখানে বালি পড়ে ভরাট হয়ে যাওয়ায় কোনো ফসল হচ্ছে না। ধ্বংস হয়ে গেছে মাছের আবাসও। হাওরটিতে দীঘার বিল নামে একটি জলাশয় ছিল। বর্তমানে এটির কোনো অস্তিত্বই নেই। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হাওরটিতে ৩০০ একর জমি থাকলেও বালি পড়ে তা চাষাবাদ অনুপযোগী হয়ে পড়েছে। ভারতের মেঘালয় থেকে ঢলের সঙ্গে নেমে আসা বালি রক্তি নদী দিয়ে হাওরে এসে পড়ে। দীর্ঘ ২৫ বছর ধরে এ অবস্থা চলতে চলতে বর্তমানে হাওর ও জলাশয় ভরাট হয়ে গেছে। এতে করে চাষাবাদ অনুপযোগী হয়ে পড়েছে লুবার হাওরের জমি। হয়ে পড়েছে মাছশূন্য।