হাওরপারের কৃষকেরা কাঁদছেন গরুর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গুয়ার হাওরপারের স্বচ্ছল কৃষক নৃপেন্দ্র তালুকদার (৬৫)। বাড়ির সামনে বসে হাওরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন। বাড়ির ভেতর থেকে আসছে কান্নার শব্দ। বাড়ির ভেতর গিয়ে জানা যায়, তাঁর স্ত্রী পুষ্প রানী তালুকদার (৫৫) ও পুত্রবধূ মালা তালুকদার (৩০) শব্দ করে কাঁদছেন। কারণ তাঁদের পালিত ১০টি গরু নিয়ে যাচ্ছেন পাইকারেরা। এর আগে আরও বিক্রি করেছেন পাঁচটি। একমাত্র বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় খড়ের অভাবে এবং পরিবারের আর্থিক অনটন দূর করতে তিনি বাধ্য হয়ে গরুগুলো বিক্রি করছেন। গত ১০ মে তাহিরপুর উপজেলার রামসিংহপুর গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা যায়। হাওরাঞ্চলের কৃষকদের বোরো ধান ও গরুই হচ্ছে প্রধান সম্পদ। তাহিরপুর উপজেলার ২৩টি হাওরপারের গ্রামগুলো ঘুরে দেখা যায়, ১৫ দিন ধরে প্রতিদিন শতাধিক কৃষক পরিবারে এ রকম ঘটনা ঘটছে। উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এ বছর অকাল বন্যায় তাহিরপুর উপজেলার ২৩টি হাওরের ১৩ হাজার ২৫০ হেক্টর জমির মধ্যে ১০ হাজার ৩৩৭ হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় কৃষকেরা কোনো খড় সংগ্রহ করতে পারেননি বলে জানান তিনি। রতনশ্রী গ্রামের কৃষক নাসের উজ্জ্বল বলেন, ‘আমার ১৪৪ কিয়ার (১ কিয়ার=৩০ শতক) সবটুকুর ধানই পানিতে তলিয়ে গেছে। তাই আমার প্রিয় ২২টি গরুই বিক্রি করে দিয়েছি খড়ের অভাবে।’ তিনি জানান, তাঁর একটি গরু থেকেই এই ২২টি গরু হয়েছিল। এ দৃশ্য সহ্য করতে পারবেন না, তাই গরু বিক্রির দিন তিনি বাড়ি ছিলেন না। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, হাওরপারের কৃষকদের এ বছর গোলা শূন্য, এখন শূন্য হচ্ছে গোয়াল। মহালিয়া হাওরপারের সুলেমানপুর গ্রামের কৃষক ফজলু মিয়া বলেন, ‘গরুর কের (খড়) নাই, নিজের পেটেও ভাত নাই, তাই গরু বেইচ্ছা দিতাছি।’ মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি আলহা্জ আবদুল জলিল তালুকদার বলেন, কৃষকের গোয়াল একবার শূন্য হলে তা সহজে পূরণ হয় না। তাই সরকারকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ্জাহান কবির বলেন, কৃষক পরিবারের গোয়াল শূন্য হয়ে পড়ায় আগামী বছর ফসল উৎপাদনে এর বিরূপ প্রভাব পড়বে।গাজীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নীহার রঞ্জন তালুকদার বলেন, হাওরের একমাত্র ফসল থেকে ধান ও খড় দুটোই সংগ্রহ করে কৃষক পরিবার। অকাল বন্যায় দুটোই গিয়েছে।কৃষকনেতা শফিকুল ইসলাম বলেন, ‘কৃষকদের গোয়াল ভরা গরু রক্ষায় তাঁদের আর্থিক সহযোগিতা এবং গরুর জন্য খাবারের ব্যবস্থা করার দাবি জানিয়েছি জেলা প্রশাসকের কাছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, ‘গরুর খাবারের সংকট মেটাতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি।’তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, তাহিরপুর উপজেলার শতকরা ৮৫টি পরিবারই সম্পূর্ণরূপে এক ফসলি বোরো ধানের ওপর নির্ভরশীল। একমাত্র ফসল হারিয়ে নিরূপায় কৃষকেরা গরু বিক্রি করছেন। তিনি জানান, কৃষকদের রক্ষায় গরুগুলোকে তাঁদের হাতেই রাখতে হবে। সে জন্য কৃষকদের আর্থিক সহযোগিতা এবং গরুর জন্য খাবারের ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি জানিয়েছেন।