পানির সঙ্গে পাল্লা দিয়ে ফসল বাঁচাতে বেড়িবাঁধ রক্ষায় সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন হাওরপারের কৃষকেরা। তবু শেষ রক্ষা হচ্ছে না। ডুবছে একের পর এক হাওর। গতকাল মঙ্গলবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত জেলার সবচেয়ে বড় বোরো ফসলের মাটিয়ান হাওরের উত্তর তাহিরপুর গ্রামের দক্ষিণ দিক দিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে হাওরটিতে পানি ঢুকে তলিয়ে গেছে ছয় হাজার হেক্টর জমির বোরো ধান। অনেক স্থানে কৃষককে কাঁচা ধান কাটতে দেখা গেছে।একই সময়ে সমসার হাওরের বৈঠাখালী ও শিববাড়ী হাওরের শরিফপুর বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে এক হাজার হেক্টর বোরো ফসলের জমি। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে হাওরগুলোর বেড়িবাঁধ ভেঙে যায়। গতকাল পর্যন্ত উপজেলার ২৩ হাওরের মধ্যে শনির হাওর ও বলদা হাওর ছাড়া সবগুলো হাওরের ফসলই পানিতে তলিয়ে গেছে।উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খান জানান, পাউবো মাটিয়ান হাওরের বেড়িবাঁধে মাটি ফেলেনি। দেয়নি কোনো বাঁশ, বস্তা বা চাটাই। ওই হাওরপারের রতনশ্রী গ্রামের সচ্ছল কৃষক ইকবাল হোসেন তালুকদার বলেন, ‘আমরা হাওরপাড়ের কৃষকেরা একফসলি এ জমিতে বোরো ধান চাষ করেই সংসার চালাই। কিন্তু বার বার ফসলডুবির কারণে অনেক কৃষক জমি বিক্রি করতে করতে ভূমিহীন হয়ে শ্রমজীবীতে পরিণত হয়েছেন।’ একই গ্রামের কৃষক আজাদুর রহমান বলেন, ‘আমার ২৪ কিয়ার (এক কিয়ারে ৩০ শতক) জমির ধান সবডাই কাঁচা, পোলাপান লইয়া সংসার কেমনে চালাইমু জানি না।’ পাটাবুকা গ্রামের কৃষক শাহাবুদ্দিন বলেন, ‘বোরো ধান আর গোয়ালের গরুই আমাদের সম্বল। কিন্তু ফসলডুবির কারণে জমি ও গরু দুটিই বিক্রি করতে হবে।’সমসার হাওরপারের কৃষক রফিক মিয়া বলেন, ‘চৈত্র মাস থেকে দেনা করে সংসার চালাচ্ছি। সামনের বার মাস কেমনে চলবে। আমাদের সঙ্গে উপোস থাকবে গরুও।’মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি আবদুল জলিল তালুকদার বলেন, হাওরটিতে পানি ঢুকে ছয় হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। কৃষকেরা ১৫ দিন ধরে বছরের একমাত্র ফসল রক্ষায় অমানুষিক পরিশ্রম করেছেন। কিন্তু শেষ রক্ষা হলো না।তবে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোর কাছে দাবি করেন, ছয় হাজার হেক্টর নয়, মাটিয়ান হাওরের তিন হাজার হেক্টর এবং সমসার হাওর ও শিববাড়ী হাওরের এক হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, প্রশাসন কৃষকদের নিয়ে সব ধরনের চেষ্টাই করেছে। কিন্তু বোরো ফসল রক্ষা করা যাচ্ছে না।দিরাইয়ের কৃষকদের শেষ চেষ্টা: দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুরমা ও কালনী নদীর পানি বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে দিরাই-শাল্লার সবগুলো বাঁধ। ইতিমধ্যে বৈশাখী বাঁধ ও শালিয়ার বাঁধ ভেঙে চার হাজার পাঁচ হেক্টর জমির আধাপাকা ধান তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে জাহানপুর, নয়াখাল, চরনারচর, কাদিরপুর ও আমিরপুরের বাঁধ। ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে যাচ্ছেন এলাকার মানুষ। বাঁধ রক্ষার দাবিতে আজ বুধবার সমাবেশে মিলিত হচ্ছেন দিরাই পূর্বাঞ্চলের ২৭টি গ্রামের মানুষ।শঙ্কামুক্ত নন ধরমপাশার কৃষকেরা: ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, ধরমপাশার ৩০টি হাওরের সাত হাজার ৩০ হেক্টর বোরো জমি পানিতে নিমজ্জিত হয়েছে। আর পুরোপুরি তলিয়ে গেছে পাঁচ হাজার ৮২৫ হেক্টর জমির ধান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৩ কোটি টাকা। উপজেলা কৃষি কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। এখন পর্যন্ত টিকে থাকা বাঁধগুলো নিয়ে শঙ্কামুক্ত নন কৃষকেরা। তাই পালাক্রমে চলছে বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘টিকে থাকা বাঁধগুলো নিয়ে আমরা দুঃশ্চিন্তার মধ্যে আছি। বাঁধ রক্ষায় স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমে কাজ করছে। প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করছে।’