হাওরে বাম্পার ফলন, দাম কম বলে কৃষক বিপদে
আগাম বন্যার বিপদ এবার আসেনি। বাঁধ ভেঙে ফসলও ডোবেনি। হাওরের বুকজুড়ে এবার সোনারঙা পাকা ধান। বর্ষা নামার আগেই কৃষক ধান কাটতে শুরু করেছেন। অর্ধেক ধান কাটা শেষ। তবে হাটে এনে এই ধান বিক্রি করতে পারছেন না কৃষক। কারণ, দাম কম।গত বৃহস্পতিবার (৩ মে) থেকে সরকার ধান-চাল সংগ্রহ শুরু করেছে। সরকার প্রতি মণ ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে ৭২০ টাকা; কিন্তু হাওরে ৩৫০ থেকে ৪০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। মহাজন ও ফড়িয়ারা এই ধান কিনে নিচ্ছেন। আশুগঞ্জ ও ভৈরবের হাটগুলো ঘুরে দেখা গেছে, কৃষক বিভিন্ন এলাকা থেকে ধান নিয়ে আসছেন। ধানের বস্তায় হাটগুলো সয়লাব হয়ে গেলেও ক্রেতার দেখা নেই। সরকারের ধান-চাল সংগ্রহের দায়িত্বে থাকা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি গুদামে চাল সরবরাহের দায়িত্ব পান সাধারণত চালকল মালিকেরা। বিশেষ করে, উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহ জেলার চালকল মালিকেরা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ওই চাল সরবরাহ করে থাকেন। ফলে সরকারি সংগ্রহ দরের চেয়ে প্রায় অর্ধেক দামে ধান সংগ্রহ করে তা ভাঙিয়ে চালে পরিণত করে গুদামে সরবরাহ করে থাকেন চালকল মালিকেরা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের সাতটি হাওরপ্রধান জেলায় এবার ১২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টন চাল উৎপাদিত হয়েছে। হাওরের ওই বিস্তীর্ণ এলাকায় বছরে মূলত একটি ফসলই হয়। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ জেলার হাওরের ধানগুলো মূলত বিক্রি হয় আশুগঞ্জ ও ভৈরব উপজেলায়। কিন্তু ওই এলাকায় চালকলের পরিমাণ হাতেগোনা কয়েকটি। ফলে অন্য জেলা থেকে আসা পাইকারেরা হাওরের ধান সস্তায় কিনে নিয়ে যান। হাওর এলাকার ধান সংগ্রহের ক্ষেত্রে সরকারের কোনো নীতি বা কৌশল না থাকায় হাওরের চাষিরা বাম্পার বোরো ধান ফলিয়েও বাজারে এসে মার খাচ্ছেন। প্রকৃতির বৈরিতা অতিক্রম করতে পারলেও হাওরের কৃষক সরকারের মনোযোগের অভাবের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করেন সার্ক কৃষি গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন কারিগরি বিশেষজ্ঞ নিয়াজ পাশা। এ ব্যাপারে তিনি বলেন, বোরো ধান হচ্ছে হাওরবাসীর একমাত্র ফসল। ফলে এই ধান বিক্রি করে তাঁরা যদি ভালো দাম না পান, তাহলে তাঁদের সারা বছর অভাবে থাকতে হবে। তিনি বলেন, সরকারের উচিত হাওরের ধান সংগ্রহের জন্য একটি আলাদা নীতি ও কৌশল রাখা।