শুধু দীর্ঘশ্বাস ফেলা আর হাহাকার। সুনামগঞ্জের কৃষকের এখন আর কিছুই করার নেই। শনির হাওর আর খরচার হাওর ছাড়া প্রায় সব কটি প্রধান হাওরের ধান পানিতে তলিয়ে গেছে। জীবন বাজি রেখে ফসল রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কৃষক। প্রতি মুহূর্তে পানি বাড়ছে অপ্রতিরোধ্য গতিতে, বাঁধ ভাঙছে। তলিয়ে যাচ্ছে ফসল।ধরমপাশা উপজেলার সোনামড়ল, চন্দ্রসোনারথাল; তাহিরপুরের মাটিয়ান হাওর, শমসার হাওর; সদর উপজেলার দেখার হাওর, কানলার হাওর; জামালগঞ্জের হালির হাওর; দিরাইয়ের বরাম হাওর, চাপতির হাওর; জগন্নাথপুরের নলুয়ার হাওর ও মই হাওরের ফসল প্রায় পুরো নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরই বলছে, গতকাল শনিবার পর্যন্ত প্রায় ৫০ শতাংশ জমির ধান পুরোপুরি তলিয়ে গেছে।ধান বাঁচাতে জান বাজিগতকাল শনিবার দেখার হাওরপারের ইকবালনগর গ্রামের ষাটোর্ধ্ব রহিমা বেগমকে বুকপানিতে ডুবে কাঁচা ধান কেটে আনতে দেখা যায়। তিনি জানান, আগের দিন রাতেও পানি বিপৎসীমার নিচে ছিল। হঠাৎ মাঝরাতের দিকে শুনতে পান খেতে পানি ঢুকেছে। দেরি না করে পরিবার-পরিজন নিয়ে ঝাঁপিয়ে পড়েন ফসল রক্ষায়। কিন্তু কাজ হয়নি। রহিমা বেগমের আত্মীয় জয়গুন বেগম সাত মাসের সন্তান রেখে এসেছিলেন ফসল বাঁচাতে। জয়গুন বলেন, ‘গত ৩০ বছরেও ইলা ঢল দেখছি না। বাড়ির হখল মহিলারাও ধান কাটত আইছন। কিতা খরবা, এ ছাড়াত কোনো উপায় নাই।’যেখানে বাঁধগুলো হুমকির মুখে রয়েছে, সেখানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এগুলোকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। ৮২ বছর বয়সী রামচন্দ্র বর্মণ জানান, তিনি শুক্রবার গভীর রাতে বাঁধে টহল দেওয়ার সময় টের পান পানি বাড়ছে। সঙ্গে সঙ্গে নারী-পুরুষ, স্কুলপড়ুয়া ছেলেমেয়ে সবাই ছুটে এসে বাঁধ রক্ষার কাজে লেগে পড়ে। তারা সকাল পর্যন্ত বাঁধে মাটি ফেলে।সুনামগঞ্জের মানুষের এতটা উত্কণ্ঠার কারণ, এই এলাকায় মাত্র একটি ফসল হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বর্ষা মৌসুমে পুরো এলাকা থাকে পানির নিচে। সে কারণেই তারা সর্বশক্তি নিয়োগ করে বোরো ধানে। বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের কৃষক স্বপন কুমার বর্মণ জানান, এ বছর ফসল বিক্রি করে বোনের বিয়ে দিতে চেয়েছিলেন, এখন জমি বেচবেন। ছেলে ঢাকায় পড়ে, তার খরচও আসে এই ধান থেকেই। কী করবেন ভেবে পাচ্ছেন না।কিস্তির ভাবনায় বিপর্যস্ত মানুষকৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর প্রায় দুই লাখ হেক্টর জমি ধান চাষের আওতায় আনা হয়েছিল। রাধানগর গ্রামের কৃষক মোসলেমউদ্দিন জানান, আড়াই একর জমি চাষ করে তাঁর ১০০ মণ ধান পাওয়ার কথা। কিন্তু এ বছর ধান না পাকতেই কেটে ফেলায় ২০ মণও পাবেন না বলে আশঙ্কা করছেন। এ অবস্থায় ঋণের কিস্তির টাকা শোধ করার বিষয়টি তাঁকে ভীষণভাবে ভাবিয়ে তুলছে। গতকাল বিশ্বম্ভরপুর উপজেলার রায়পুর ও রাধানগর গ্রামের একদল কৃষক-কিষানির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা প্রত্যেকেই চাষের জন্য ঋণ করেছেন। অনিমা রানী বর্মণ নামের একজন জানান, তিনি জমিতে ধান লাগানোর আগে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে আট হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এখন প্রতি সপ্তাহে ১২৫ টাকা করে ৪৫ সপ্তাহে ঋণ শোধ করতে হবে। কোথা থেকে ওই টাকা পাবেন, সে চিন্তায় তিনি এখন দিশেহারা। এ এলাকার কৃষকেরা গত বছরও শিলাবৃষ্টিতে সব হারিয়েছিলেন। দুর্নীতি আর অনিয়মই দায়ী?স্থানীয় মানুষ এবং জনপ্রতিনিধিরা তাঁদের এই দুরবস্থার জন্য দায়ী করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের। গতকাল শনিবার সুনামগঞ্জ জেলা শহরের পৌরসভা অডিটরিয়ামে ১১টি উপজেলার জনপ্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা ধরমপাশার ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদারসহ প্রত্যেকে একই অভিযোগ করেন। জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদীপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান বাঁধ মেরামত ও তৈরির ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন প্রথম আলোর সঙ্গে আলাপকালে। বজলুর রহমান বলেন, এ উপজেলার বিভিন্ন হাওরের মোট ৪১টি পয়েন্টের মধ্যে ১৪টিতে কোনো কাজ হয়নি। বেশির ভাগ ক্ষেত্রেই কাজের অগ্রগতি ১১ থেকে ২৫ শতাংশের মতো। সূত্র বলছে, পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা মাঠপর্যায়ে ঠিকাদারদের সঙ্গে হাত মেলানোর কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বছর পুরোনো বাঁধ মেরামত ও নতুন বাঁধ নির্মাণের জন্য ১৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কথা ছিল, মার্চের ৩০ তারিখের মধ্যে কাজ শেষ হবে। কিন্তু কার্যত দেখা গেছে জগন্নাথপুরের নলুয়ার হাওরে মার্চের ২৭ তারিখ পানি ঢোকার সময় অনেক জায়গায় কাজই শুরু হয়নি। কোনো কোনো জায়গায় ঠিকাদারেরা কাজ শুরু করেছেন ২৮ মার্চ।জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর ও মই হাওর এলাকায় কাজ করেছে মোহন কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির অন্যতম স্বত্বাধিকারী সজীব রঞ্জন দাস দাবি করেন, তিনি শতভাগ কাজই করেছেন। তবে সাব-কন্ট্রাক্ট দিয়ে দিয়েছিলেন অন্য লোকের কাছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম দাবি করেছেন, বোর্ড বাঁধের যে কাজ করেছে, তাতে ত্রুটি নেই। কিন্তু জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান বলেছেন, ‘পুরো ঘটনায় পাউবোর গাফিলতি লক্ষণীয়। কাজ যখন শেষ হয়ে যাওয়ার কথা তখন পাউবো কাজ শুরু করেছে। কাজের দেরি দেখে আমি নিজে তিন দফা পাউবোর প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে আলোচনায় বসেছিলাম।’নির্বাহী প্রকৌশলী জানান, এ ধাক্কাটা সামলে উঠলেই বড় পরিসরে পুনর্বাসনের কাজ শুরু হবে। হাওরের মানুষের দাবিস্থানীয় জনপ্রতিনিধিরা অনতিবিলম্বে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন গতকাল। তাঁরা বলছেন, গত ৪০ বছরে এ অঞ্চলে এমন দুর্যোগ আর হয়নি। সাধারণত বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে হাওর প্লাবিত হয়। কিন্তু এ বছর প্রায় ৪০ দিন আগে ঢল নামল। পুরো বছরটা কীভাবে যাবে, কেউ জানে না। দেখার হাওরসংলগ্ন এক গ্রামের কৃষক আবদুল মান্নান বললেন, ‘আল্লাহ বাঁচাইলে ছেলেমেয়ে নিয়ে বেঁচে থাকব, নইলে না।’এই মুহূর্তে নিজেদের ভাগ্যের ওপর সঁপে দেওয়া ছাড়া হয়তো সত্যিই আর কিছু করার নেই এ অঞ্চলের মানুষের।