হাওরের তিন লাখ ৮৫ হাজার কৃষক সহায়তা পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বোরো মৌসুমে আকস্মিক বন্যায় (ফ্লাশ ফ্লাড) হাওর অঞ্চলের পাঁচ জেলার ক্ষতিগ্রস্ত তিন লাখ ৮৫ হাজার কৃষককে সরকার পুনর্বাসন-সহায়তা দিচ্ছে। সরকারের কৃষি পুনর্বাসন-সহায়তা খাত থেকে এই সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষক ১০ কেজি করে বীজ ও ৫০ কেজি করে সার পাবেন। সারের মধ্যে থাকবে ২৫ কেজি ইউরিয়া, সাড়ে ১২ কেজি টিএসপি ও সাড়ে ১২ কেজি এমওপি।জেলাগুলো হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনা। কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী মৌসুমে বোরো চাষে হাওর অঞ্চলের কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য এই সহায়তা দিতে মোট ৪৮ কোটি ৪৯ লাখ আট হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। গত বুধবার এই বরাদ্দপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকেরা জেলা কৃষি পুনর্বাসন কমিটিরও সভাপতি। উল্লেখ্য, জাতীয় বাজেটে কৃষি পুনর্বাসন-সহায়তা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ আছে। ওই খাত থেকে এই সহায়তা দেওয়া হচ্ছে।কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, পাঁচ জেলার মধ্যে সুনামগঞ্জের সবচেয়ে বেশিসংখ্যক কৃষক এই সহায়তা পাচ্ছেন। তাঁদের সংখ্যা দুই লাখ পাঁচ হাজার। এ ছাড়া সিলেট জেলার ৭০ হাজার, মৌলভীবাজারের ৩৫ হাজার, কিশোরগঞ্জের ৪০ হাজার ও নেত্রকোনার ৩৫ হাজার কৃষক সাহায্য পাবেন।মন্ত্রণালয় বলছে, ক্ষতির আশঙ্কায় কৃষকেরা যাতে আগামী মৌসুমে চাষাবাদ বন্ধ না রাখেন, তা নিশ্চিত করাই এই সহায়তার লক্ষ্য। একই সঙ্গে এই সহায়তা সংশ্লিষ্ট কৃষকদের আগামী মৌসুমের চাষের ব্যয় কমাবে। সর্বোপরি, যেকোনো বিপদে সরকার তাঁদের পাশে থাকবে—কৃষকের মনে এই বিশ্বাস সৃষ্টি করাই এ ধরনের সহায়তার লক্ষ্য।গত বোরো মৌসুমের মাঝামাঝি সময়ে উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। অনেক কৃষক বলতে গেলে কোনো ধানই গোলায় তুলতে পারেননি। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তখনই বলেছিলেন, ক্ষতিগ্রস্ত এসব চাষিকে সরকার সহায়তা করবে।