হাওরের নিশাচর বাঘা বগলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত-বিরাতে হাওরে বাঘা বগলার মুখোমুখি হলে মানুষ ভয়ে আঁতকে উঠতে বাধ্য। পাখিটি রাতেই বেশি চলাফেরা করে এবং আড়ালে থাকার প্রাণপণ চেষ্টা চালায়। কস্মিনকালেও সে কোনো মানুষের সামনে পড়তে চায় না। তবে হঠাৎ মুখোমুখি হলে সে কিন্তু ভয়ে পালায় না; বরং ভয় দেখিয়ে প্রতিপক্ষকে পিছু হটানোর চেষ্টা করে। ডোরাকাটা পালক ফুলিয়ে, ডানা ছড়িয়ে, মাথার মুকুট খাড়া করে, বল্লমের মতো ঠোঁটে নিরিখ বেঁধে পাখিটি ভয়ংকর মূর্তি ধারণ করে। ডোরাকাটা পালকে মোড়া দুই ফুট ব্যাসের এই ভয়াবহ পিণ্ড দেখে প্রতিপক্ষ প্রায়ই পিঠটান দেয়; না দিলে ভাগ্যে জোটে বল্লমের ঘা।বাঘা বগলা বাঘের মতোই নিশাচর জীব। বিকেলের রোদ পড়ে গেলে সচরাচর সে শিকারে বেরোয়। সন্ধ্যা আর সকালের আলো-আঁধারিতে ঘাস, কাশ ও নল-বনের আড়ালে বাঘা বগলা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। চারদিক সুনসান হলে ধীরপায়ে দু-চার কদম হেঁটে সে আবার স্থির দাঁড়িয়ে পড়ে; বাঘের মতোই গা-ঢাকা দিয়ে শিকারের জন্য ওত পেতে থাকে। ঘাসের প্রান্তরে আর ঝোপঝাড়ের আড়ালে কালো ডোরাকাটা খয়েরি পালকের এ পাখি কি আর সহজে কারও চোখে পড়ে! চারদিকে সতর্ক দৃষ্টি রেখে চলার পরও তাই সাপ, ব্যাঙ, গিরগিটি আর নিশাচর কীটপতঙ্গ প্রায়ই পাখিটির পেটে চালান হয়ে যায়।বাঘা বগলাকে ইংরেজিতে ইউরেশিয়ান বিটার্ন অথবা গ্রেট বিটার্ন বলা হয়। বাংলায় আমরা ‘হেরন’কে বক, ‘ইগরেট’কে বগা এবং ‘বিটার্ন’কে বগলা বলি। পৃথিবীতে মাত্র ১২ জাতের বগলা আছে, বাংলাদেশে আছে চার জাতের—কালা বগলা, হলদে বগলা, খয়রা বগলা ও বাঘা বগলা। বাঘা বগলা নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বিরল বগলা। পৃথিবীতেও পাখিটির সংখ্যা ক্রমেই কমে আসছে। যদিও বাঘা বগলা এখনো বিশ্বের ‘প্রায়-বিপদগ্রস্ত’ পাখির তালিকাভুক্ত হয়নি, হওয়া উচিত বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। পাখিটিকে এ দেশে কালেভদ্রে দেখা যায়, সিলেট বিভাগের হাওরে ছাড়া আজ পর্যন্ত আর কোথাও পাওয়া যায়নি।বাঘা বগলা কখনো বাংলাদেশে বাসা বাঁধে না; ইউরোপ ও এশিয়ার তুন্দ্রা অঞ্চলই এর সনাতন প্রজননভূমি। মার্চ-জুন মাসে বরফগলা পানির কাছাকাছি নলের স্তূপে অথবা ঝোপঝাড়ে এরা ডিম দেয়। বাসা বাঁধা, ডিমে তা দেওয়া আর ছানা পালার কাজে ছেলেপাখির কোনো ভূমিকা নেই। তার কাজ হলো বাসা বাঁধার জন্য নিরাপদ স্থান নির্বাচন করা এবং একাধিক মেয়েপাখির প্রজননসঙ্গী হওয়া। ডিম ফোটার পর ছানারা বড় হয়ে বাসা ছেড়ে যেতে প্রায় দুই মাস সময় নেয়; তারপর উড়াল দিয়ে দীর্ঘ পথ পার হয়ে ছানারা দক্ষিণে ছড়িয়ে পড়ে। বয়স্ক পাখিদের দক্ষিণমুখো পরিযায়ন শুরু হয় আরও পরে, সেপ্টেম্বর-অক্টোবর মাসে। এশিয়া ও আফ্রিকার বাদা অঞ্চলই হয়ে ওঠে এ পাখির শীতের আবাস। বাংলাদেশের হাওরে এখনো কিছু বাঘা বগলা টিকে থাকতে পারে জেনে আমরা গর্বিত।