‘বাবা কলা আর চিনি আনছিলাইন আমরা বেহে মিইল্যা সেহরিবেলা খাইতাম। এরপর তারাবির নামাজে গেছইন। ও...বাবা তোমার কলা আর চিনি এখন কেলায় খাইব। তুমি খাইছনা দেইখ্যা আমরাও খাইছিনা বাবা...ওখন এই কলা-চিনি কেলায় খাইবো বাবা...।’ ভাঙা বেড়ার ঘরের বারান্দায় মাটিতে গড়াগড়ি খেয়ে বাবা নূর ইসলামের জন্য বিলাপ করছিল ১৩ বছরের মণিরাজ আক্তার। পাশেই বুক চাপড়ে আহাজারি করছিলেন স্বামীহারা জরিনা বেগম। মা-মেয়েকে সান্ত্বনা দেওয়ার যেন কেউ নেই। গ্রামজুড়েই স্বজনহারাদের আর্তনাদ। সেই আর্তনাদ আর হাহাকার মিশে যাচ্ছে হাওরের জলে-বাতাসে।ধরমপাশা উপজেলার দুর্গম হাওরপারের গ্রাম সরস্বতীপুরে গিয়ে গতকাল শনিবার দুপুরে ওই হূদয়বিদারক দৃশ্য দেখা যায়। এ গ্রামেই শুক্রবার রাতে একটি অস্থায়ী মসজিদে তারাবির নামাজ আদায়রত অবস্থায় আকসিঞ্চক বজ্রপাতে ইমামসহ ১৩ জন মুসল্লি মারা যান। আহত হন ১৫ জন। ধরমপাশা উপজেলা সদর থেকে জয়শ্রী ইউনিয়নের পাশোয় হাওরপারের এই গ্রামের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। গ্রামের মানুষজন অতিদরিদ্র। বেশির ভাগ মানুষই হাওরের ভাসানপানিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ছোট গ্রামটি যেন হাওরের জলের ওপর ভেসে আছে। চারপাশে থইথই পানি।গতকাল দুপুরে নিহত ১৩ জনের দাফন সম্পন্ন হয়। তবে বর্ষা মৌসুমে গ্রামের চারপাশ জলমগ্ন থাকায় শুকনো জায়গার অভাবে মৃতদেহগুলো বাড়িঘরের আঙিনায় দাফন করতে হয়েছে। লাশ দাফনের আগে নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে আরও ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিবারকে আরও পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।সরস্বতীপুর গ্রামের বাসিন্দা ইউনুছ খাঁ (৬০) জানান, বর্ষা মৌসুমে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে সমস্যা হয়, নৌকা লাগে। তাই গ্রামের এক পাশে তারাবির নামাজ আদায়ের সুবিধার জন্য অস্থায়ীভাবে নতুন মাটির বেড়া আর ওপরে টিনের চপড়া (চালা) দিয়ে এই মসজিদ তৈরি করা হয়েছিল। প্রথম রমজান থেকে এটি চালু হয়। গ্রামের কাছম আলীর (৫৫) বাড়ির ঘাটে এই প্রতিবেদকদের নৌকা ভেড়ালেই নারী-পুরুষ-শিশুদের কান্না শোনা যায়। বাড়ির কর্তা কাছম আলী শারীরিক প্রতিবন্ধী। তাঁর স্ত্রী, তিন ছেলে আর চার মেয়ের সংসার। এক মেয়ে বিয়ে দিয়েছেন। বড় ছেলে হযরত আলী (২৭) মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। হয়রত আলীর মা কল্পনা বেগম জানান, এখন ঘরে ছেলে-মেয়ে যারা আছে, তাদের মধ্যে তিন মেয়েই বড়। দুই ছেলের বয়স পাঁচ বছরের নিচে। হযরত আলী হাওরে মাছ ধরে যা পেতেন, তা দিয়েই সংসার চলত। এখন তিনি নেই, তাঁরা কীভাবে বাঁচবেন! শুক্রবার রাত থেকে গ্রামজুড়ে চলছে কান্না। কে কাকে সান্ত্বনা দেবে। গ্রামের সবাই স্বজন হারিয়েছে। গ্রামের বাড়িঘরের উঠানের নিচেই পানি। আঙিনা ছাড়া শুকনো মাটি নেই। শুকনো জায়গার অভাবে বাধ্য হয়ে নিহতদের দাফন করা হয়েছে বাড়িঘরের আঙিনায়, মসজিদ প্রাঙ্গণে।শুক্রবার রাতে ওই মসজিদে নামাজে ছিলেন শুকুর আলী (৬০)। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘দুই রাকাত নামাজের পর আমরা রুকুতে বসি। ডান দিকে সালাম ফিরিয়েই দেখি, আগুনের ফুলকির মতো কিছু একটা ঘরের ভেতরে ঢুকছে। মুহূর্তেই প্রচণ্ড শব্দ হয়। শুরু হয় চিৎকার। সঙ্গে সঙ্গেই কয়েকজন মারা যান। অন্যদের মৃত্যু হয় নৌকায় করে হাসপাতালে নেওয়ার পথে।’ শুকুর আলী বলেন, ‘এখনো বুঝতে পারছি না কীভাবে কী হলো। শুধু আগুনের ফুলকি চোখে ভাসে। আর কিছুই মনে করতে পারছি না।’ গ্রামের আবদুল করিম (৪৮) বলেন, ‘বজ্রপাতে এত মানুষের করুণ মৃত্যু এই হাওর এলাকায় আগে কখনো হয়নি। তার ওপর মসজিদে এ রকম মর্মান্তিক ঘটনা পুরো এলাকার মানুষদের কাঁদিয়েছে।’ জয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বললেন, ‘যাদের পরিবারের লোকজন মারা গেছে, তারা খুবই দরিদ্র। একসঙ্গে এত লোকের প্রাণহানিতে পুরো গ্রামই এখন বিপর্যয়ের মুখে পড়ল।’ গতকাল সরস্বতীপুর গ্রামে গিয়ে মানুষজনের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহমঞ্চদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার অলিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম ও ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম।ইউএনও শহিদুল ইসলাম জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে।সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মানুষের কান্না দেখে নিজের চোখের জল আটকে রাখতে পারিনি। আমি সব সময় এই স্বজনহারা মানুষদের সহযোগিতার চেষ্টা করব।’