হাওরের পানিতে ভেসে গেল ১৩ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় হাওরে ট্রলারডুবিতে ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২০ জন। মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন স্কুলছাত্রী ও চারজন শিশু রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় উপজেলার শৈলচাপড়া হাওরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামে।মৃত ব্যক্তিরা হলো বালিজুড়ি গ্রামের দশম শ্রেণীর ছাত্রী তানজিলা আক্তার হাসি ও মণিমালা, নবম শ্রেণীর নূপুর, সপ্তম শ্রেণীর ঝর্না, ষষ্ঠ শ্রেণীর স্বপ্না বেগম; নবীজা বেগম (৩৫), তাঁর পাঁচ মাস বয়সী ছেলে বাবু, রোকেয়া বেগম (৩৬), তাঁর এক বছর বয়সী ছেলে তাজুল ইসলাম, রাহুল (৪), রাহুলের বোন লাকলিমা (১) ও হাজেরা খাতুন (৫০)। আরেকজনের নাম (৬০) জানা যায়নি। তিনি এলাকায় পোশাকের মা নামে পরিচিত। হাজেরা খাতুন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। এ ছাড়া আহত আরও চারজনকে ধরমপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃত শিক্ষার্থীরা বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে পড়ত।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রাম থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার উপজেলার বাদশাগঞ্জ বাজারে যাচ্ছিল। ট্রলারটি বালিজুড়ি থেকে ছেড়ে যাওয়ার ১৫ মিনিট পর পথে সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়া হাওরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এতে অনেক যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় ৩০ থেকে ৩৫ জন। পরে স্থানীয় লোকজন হাওর থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করে।বেঁচে যাওয়া ট্রলারযাত্রী দশম শ্রেণীর শিক্ষার্থী তুহিন আক্তার জানায়, বালিজুড়ি থেকে ট্রলারটি ছেড়ে আসার ১৫ মিনিট পর ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর হঠাৎ করেই ট্রলারটি বাতাসে উল্টে যায়। ট্রলারে শিক্ষার্থী ছিল ২০ থেকে ২৫ জন। ‘ট্রলারটি ডুবে যাওয়ার পর কোনো রকমে জানালা দিয়ে বের হয়ে সাঁতরাতে থাকি। পরে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে। বাতাসের এক ধাক্কাতেই ট্রলারটি ডুবে যায়।’ বলছিল তুহিন।ধরমপাশা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মেয়ে হাসিকে হারিয়ে বিলাপ করছিলেন আবদুল লতিফ। তিনি জানান, প্রতিদিনই এ সময় বালিজুড়ি থেকে ছাত্রছাত্রী ও লোকজনকে নিয়ে একটি ট্রলার বাদশাগঞ্জ বাজারে যায়। লতিফ কেঁদে কেঁদে বলেন, ‘আমরা কয়েকজন ট্রলারের ওপরে ছিলাম আর মেয়েরা (ছাত্রীরা) ছিল ভেতরে। কিছু বুঝে ওঠার আগেই এক ঝাপটায় ট্রলারটি ডুবে যায়।’মৃতদেহগুলো উদ্ধার করে এনে রাখা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে। পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ট্রলারডুবির ঘটনায় অসুস্থ মুস্তাফিজুর রহমান (৪), আবুল হোসেন (২৪), জয়নাল আবেদিন (৩৫) ও শিক্ষার্থী তুহিন আক্তারকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবদুস শহীদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় নিখোঁজ অন্য যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের লাশ দাফনের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রতি পরিবারকে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে।