হাওলাতি শিক্ষার্থী দিয়ে সেরা!
জয়পুরহাটের কালাই উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় নতুন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালো ফলাফল করেছে শান্তিনগর উচ্চবিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে এবার চারজন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়া ছাড়াও পাসের হার গোটা উপজেলার শীর্ষে। ভালো ফলাফল অর্জনের মাধ্যমে গোটা উপজেলার সেরা প্রতিষ্ঠানের কৃতিত্ব হাসিল করলেও সাফল্যের পেছনের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। খোঁজ নিয়ে জানা গেছে, শান্তিনগর উচ্চবিদ্যালয় থেকে যে চারজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে তাদের একজনও ওই বিদ্যালয়ে পড়ালেখা করেনি। জিপিএ-৫ পাওয়া ছাড়াও ওই বিদ্যালয় থেকে ভালো ফল অর্জনকারীদের সবাই হাওলাতি শিক্ষার্থী। এরা সবাই কালাই পৌরশহরের বেসরকারিভাবে পরিচালিত ওমর সায়েন্স স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। বেরসরকারি এ বিদ্যালয়টির মাধ্যমিক পর্যায়ের স্বীকৃতি না থাকায় কয়েক বছর ধরে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নবম শ্রেণীতে ওঠার পর স্থানীয় শান্তিনগর উচ্চবিদ্যালয় থেকে বোর্ডে তাদের নাম নিবন্ধন করে। এরপর ওমর সায়েন্স স্কুলে পড়ালেখা করলেও কাগজে-কলমে শান্তিনগর উচ্চবিদ্যালয় থেকে ফরম ফিলআপ দেখিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আর এভাবে অন্য বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দিয়েই গত বছরও শান্তিনগর উচ্চবিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার জিতে নিয়েছে।শান্তিনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুুল মতিন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ‘ওমর সায়েন্স স্কুলের একাডেমিক স্বীকৃতি না থাকায় সেখানকার শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে এখান থেকে বোর্ডে নাম নিবন্ধন করানো হয়। তবে শিক্ষার্থীরা মাঝেমধ্যে এসে এখানে ক্লাস করাসহ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষায় অংশ নিয়েও থাকে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘ব্যক্তি উদ্যোগে পরিচালিত ওমর সায়েন্স স্কুলের শিক্ষার্থীদের শান্তিনগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করানো হচ্ছে এ কথা সত্যি। এতে করে কাগজে-কলমে ভালো ফলের সব কৃতিত্বই চলে যাচ্ছে শান্তিনগর উচ্চবিদ্যালয়ের ঝুলিতে।’