হাওয়া বদল
জলাতঙ্ক প্রতিরোধে অগ্রগতিপোষা কুকুরকে জলাতঙ্কমুক্ত করতে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) থেকে এর লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। এটি প্রতিবছর নবায়ন করতে হয়। লাইসেন্স নেওয়া ও নবায়নের পূর্বশর্ত হচ্ছে, পোষা কুকুরকে জলাতঙ্ক রোগ প্রতিষেধক টিকা দেওয়া। এত দিন ডিসিসি থেকে কোনো টিকা সরবরাহ করা হতো না। তবে সম্প্রতি ডিসিসি থেকে বিনা মূল্যে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৭ জুলাই ‘ঢাকায় থাকি’ পাতায় প্রকাশিত ‘জলাতঙ্ক প্রতিরোধ কত দূর’ শীর্ষক প্রতিবেদন দেখে কয়েকজন দাতা জলাতঙ্ক প্রতিরোধ ও পথের কুকুর রক্ষায় ডিসিসিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।এরই মধ্যে ধানমন্ডির বাসিন্দা সমাজকর্মী সোনিয়া কবির ডিসিসির স্বাস্থ্য বিভাগকে একটি রেফ্রিজারেটর উপহার দিয়েছেন। এটিতে জলাতঙ্ক প্রতিষেধক কুকুরের টিকা সংরক্ষণ করা হবে। অফিস সময়ে পোষা কুকুর নিয়ে যে কেউ নগর ভবনের ভেটেরিনারি কর্মকর্তার দপ্তরে এলে বিনা মূল্যে কুকুরকে টিকা দেওয়া হবে। এ জন্য পোষা কুকুরের লাইসেন্স নিতে হবে। এ ছাড়া প্রতি শুক্রবার গুলশান পেট অ্যানিমেল ক্লিনিকে (৪-৫ ডিসিসি সুপার মার্কেট, গুলশান-২) বিনা মূল্যে পোষা কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে। কেউ পথের কুকুর পালতে চাইলে; সেই কুকুরের জন্যে বিনামূল্যে টিকা, বেল্ট ও আজীবন চিকিৎসা সেবা দেওয়া হবে এই ক্লিনিকে। এখান থেকে যে কোনো পথের কুকুরকে বিনামূল্যে টিকা ও বেল্ট দেওয়া হবে।এদিকে ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী ৬ আগস্ট জানান, সমাজকর্মী সোনিয়া কবিরের অর্থায়নে ৫ আগস্ট থেকে পথের কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া ও বেল্ট পরানো হচ্ছে। গুলশান, বনানী, বারিধারা, কালাচাদপুর, বাড্ডা ও মোহাম্মদপুরের বছিলায় এ পর্যন্ত ৩৫টি কুকুরকে টিকা দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫০টি পথের কুকুরের জন্যে এই কার্যক্রম চলছে। —মিল্লাত হোসেননতুন চেহারায় মেয়রের মাঠ‘মাডের গরতোগুলা মাডি দিয়ে ভরতি করোনে ভালাই হইছে। প্যাকের লাইগা আমগো আর রাস্তায় খ্যালন লাগব না। মাডেই খ্যালতে পারমু।’ বলছিল সাদেক হোসেন খোকা খেলার মাঠে খেলতে আসা রঞ্জু নামের এক শিশু। রঞ্জুর মতো অনেক শিশু-কিশোর এখন পূর্ব ধোলাইখালসংলগ্ন নতুন রাস্তার পাশের এই মাঠে খেলতে পারছে। জলাবদ্ধতা দূর করতে মাঠটির খাদগুলোয় মাটি ফেলেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।গত ২৪ জুলাই ‘ঢাকায় থাকি’ পাতায় ‘মেয়রের মাঠের এই হাল’ শিরোনামের প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। সেই প্রতিবেদনে মেয়রের মাঠের করুণ হাল তুলে ধরা হয়। মাঠটি খেলার উপযোগী হওয়ায় স্থানীয় ক্রীড়ামোদীরা উৎফুল্ল। তবে তাঁরা মনে করেন, মাঠের পানিনিষ্কাশনের নালাগুলো সচল করা উচিত। নইলে মাঠের ভেতর বৃষ্টির পানি জমে থাকতে পারে। আবার মাঠের ভাঙা দেয়াল ও প্রধান ফটক মেরামত করা দরকার। রাতের বেলা মাঠে মাদকসেবী ও ভবঘুরেদের আখড়া বন্ধ করতে নৈশপ্রহরী রাখার দাবি করেন তাঁরা।এ বিষয়ে ডিসিসির ৭৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল ইসলাম জানান, তিনি বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাই এলাকার উন্নয়নে বরাদ্দ পেতে বেশ বেগ পেতে হয়। তার পরও মাঠের বাকি কাজগুলো করার জন্য ডিসিসির সংশ্লিষ্ট বিভাগকে বলবেন।—ঢাকায় থাকি প্রতিবেদকসরেছে আবর্জনাপোস্তগোলা মোড়ের (রাজাবাড়ী চৌরাস্তা) ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের ময়লার স্তূপ পরিষ্কার করায় পথচারীরা স্বস্তিতে রয়েছেন। মূলত গত ২৪ জুলাই ‘ঢাকায় থাকি’ পাতায় ‘সড়কে আবর্জনার স্তূপ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) টনক নড়ে। ২৮ জুলাই থেকে সড়কের ময়লা সরানোর কাজ শুরু করে তারা। সড়কের আবর্জনা তারা পাশের ডোবায় ফেলেছে। এতে ফুটপাত দখলমুক্ত হয়েছে। সড়ক থেকে বৃষ্টির পানি এখন সহজেই নিষ্কাশিত হচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক শ্যামপুর এলাকার একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘আবর্জনার স্তূপ সরানোয় খুশি হয়েছি। আবার না এখানে ময়লার স্তূপ তৈরি হয়।’এ বিষয়ে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান জানান, সড়কের ওপর থেকে ময়লা সরানো হয়েছে, এটা ভালো কাজ হয়েছে। এই সড়কে যাতে আর আবর্জনা জমতে না পারে, এ জন্য তিনি এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। আবার ডিসিসি এলাকার বর্জ্য যাতে এখানে আর ফেলা না হয়, সে জন্য তিনি ডিসিসির মেয়রের সঙ্গে কথা বলবেন বলে জানান।—ঢাকায় থাকি প্রতিবেদক