হাওয়া বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ক্যানটিন খুলেছেঈদের ছুটির পরপরই খুলে দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন ‘অবকাশ’। ফলে শিক্ষার্থীদের ক্যানটিন সমস্যা মিটে গেছে। নতুন করে চালু করা হলেও ক্যানটিনে চেয়ার-সংকট রয়েছে। আগের চেয়ে কমসংখ্যক টেবিল বসানোয় হাঁটা-চলার জায়গা বেড়েছে। বেশি পরিমাণে খাবার প্রস্তুত রাখার জন্য জোর দেন অনেকেই। দুপুরে একটু দেরি হলে খাবার মেলে না। ক্যানটিনের দায়িত্বরত একজন জানান, খাবারের সংকট অল্প কিছুদিনের জন্য। চেয়ার-টেবিলের সংকটের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, নতুন কিছু ক্রোকারিজ আর চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয়েছে। দ্রুতই এগুলো এসে যাবে। —ঢাকায় থাকি প্রতিবেদকঅনন্য পঙ্গু হাসপাতাল‘সরকারি হাসপাতালে সুচিকিৎসা নেই!’ এ তথ্য ভ্রান্ত বলে প্রমাণিত হতে চলছে। গত কয়েক দিনে যাঁরা শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাসেবা নিতে গিয়েছেন, তাঁরা এটি স্বীকার করবেন। ১১ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, কামরাঙ্গীরচরের বাসিন্দা রহমত উল্লাহ হাতের কবজির হাড় ভাঙা নিয়ে এসেছেন হাসপাতালে। জরুরি বিভাগে টিকিট কেটে কর্তব্যরত চিকিৎসককে হাত দেখান তিনি। চিকিৎসকের পরামর্শমতো এক্স-রে করার জন্য এক্স-রে ঘরে যান। সেখানে মিনিট খানেক সময়ে এক্স-রে করা হয়। আর তাৎক্ষণিক রিপোর্ট দেওয়া হয়। সেই রিপোর্টটিসহ আবার চিকিৎসকের কাছে যান রহমত উল্লাহ। একজন সিনিয়র চিকিৎসকের তত্ত্বাবধানে অন্য চিকিৎসক ও নার্সদের প্রচেষ্টায় হাতের ব্যান্ডেজ সফলভাবে বাঁধা হয়। ব্যান্ডেজ হয়ে যাওয়ার পর হাড়টি সঠিক জায়গায় আছে কি না, এটি দেখার জন্য আবার এক্স-রে করতে বলা হয়। এবারও মিনিট খানেক সময়ে এক্স-রে করে রিপোর্ট দেওয়া হয়। অথচ মাস খানেক আগেও হাসপাতালটিতে দালালের উৎপাত ছিল। এখন সেই পরিবেশ পাল্টে গেছে। —ইলিয়াছ বাবুল, কামরাঙ্গীরচরপুরোনো দোকান!‘ধোলাইখাল সড়কের সড়ক বিভাজক নিয়ে অবৈধ দোকানি ও সিটি করপোরেশন নেমেছে চোর-পুলিশ খেলায়। ডিসিসি উচ্ছেদ করে, আবার পরদিনই বসে যায় অবৈধ দোকান।’ বলছিলেন ধোলাইখালের যন্ত্রাংশ ব্যবসায়ী সামসুদ্দিন আহমেদ।গত ফেব্রুয়ারি মাসে সড়ক বিভাজকের অবৈধ দোকানগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ‘ঢাকায় থাকি’ ক্রোড়পত্রে। এতে উল্লেখ করা হয়, ধোলাইখাল সড়কের বিভাজকে থাকা অবৈধ দোকানগুলো সরছে। প্রতিবেদনে আরও বলা হয়, দুই দফা উচ্ছেদ অভিযানের পরও অবৈধ দোকানগুলো সরানো যাচ্ছিল না। প্রতিকারের আশায় ঢাকা সিটি করপোরেশন বিভাজকের সংস্কার করে। এতে বিভাজকের লোহার বেষ্টনী সরিয়ে ফেলা হয়। আবার বিভাজকের চওড়া কমানো হয়, যাতে নতুন করে অবৈধ দোকান বসতে না পরে। অথচ ডিসিসির সংস্কারের মাস খানেক যেতে না যেতেই আবার সেখানটায় বসেছে অবৈধ দোকান। ঘুরে দেখা যায়, ডিসিসির নতুন করে বানানো বিভাজকে ছড়িয়ে-ছিটিয়ে আছে নানা ধরনের ছোট যন্ত্রাংশ। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাসে দুবার অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু উচ্ছেদের পর আবার দোকানপাট বসে যায়। কয়েকজন দোকানদারকে গ্রেপ্তার করে কোর্টে চালান দেওয়া হয়েছে। তবুও এটা কমানো যাচ্ছে না। —ঢাকায় থাকি প্রতিবেদকমহাখালীতে চলছে বাস, খিলগাঁওয়ে কবে?‘মহাখালী ফ্লাইওভার দিয়ে বাস চলাচল বন্ধ করা হয়নি। সমস্যা ছিল ডিসিসির বসানো ব্যারিকেডে। ব্যারিকেড দুটি বসানো হয়েছিল নয় ফুট উচ্চতায়। কিন্তু বেশির ভাগ বাসের উচ্চতা এর চেয়ে বেশি। ফলে এত দিন ফ্লাইওভার দিয়ে বাস চলাচল করতে পারেনি। এখন ব্যারিকেড ভাঙা থাকায় এখন সেখানে বাস চলছে। কিন্তু ভারী যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না।’ বলছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মহাখালী জোনের ট্রাফিক সার্জেন্ট নুরুল মোমেন।উড়ালসেতুর সড়ক ভবন প্রান্তে গিয়ে দেখা গেছে, ডিসিসির কর্মীরা উড়ালসেতুর প্রবেশপথ থেকে ব্যারিকেডের ভাঙা অংশ সরিয়ে নিচ্ছেন। এ বিষয়ে ডিসিসির সড়ক পরিদর্শক গোলাম সরোয়ার মোরসালিন জানান, যেহেতু নির্দিষ্ট উচ্চতার ব্যারিকেডের জন্য উড়ালসেতু দিয়ে কিছু দিন বাস চলাচল করতে পারেনি, তাই এরপর যখন আবার নতুন ব্যারিকেড বসানো হবে, তখন উচ্চতা বাড়ানোর ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।মহাখালী উড়ালসেতু দিয়ে বাস চলাচল করার ফলে উড়ালসেতু এলাকায় যানজট কিছুটা কমেছে। অন্যদিকে, খিলগাঁও উড়ালসেতুকে ঘিরে থাকা সড়কগুলো আগের মতোই যানজটের কবলে রয়েছে। এই উড়ালসেতুর সব প্রান্তেই ব্যারিকেড আগের মতো রয়েছে। এ বিষয়ে ডিসিসির সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আবুল হাসনাত বলেন, ‘খিলগাঁওয়ে উড়ালসেতুতে বাস চলবে কি না এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’