হাওয়া ভবনে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম আসামি মুফতি হান্নান জবানবন্দিতে বলেছেন কীভাবে তারেক রহমান হাওয়া ভবনে বসে এই হামলার পরিকল্পনা করেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের যেভাবে প্রচলিত আইনে বিচার করা হয়েছে, সেভাবেই এই গ্রেনেড হামলারও বিচার হবে।আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, হাওয়া ভবনে বসে তারেক রহমান পাঁচ বছর লুটপাট করেছেন। কোকোও একই সঙ্গে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছেন। এখন তাঁর প্যারোলে মুক্তি নিয়ে বিএনপি মাতম তুলেছে। দেশের মানুষের জন্য কিছু করতে চাইলে সরকারকে পরামর্শ দিতে কিংবা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।বাংলাদেশ আওয়ামী লীগের সহসম্পাদক নির্মল গোস্বামী বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে এবং শেখ হাসিনাকে হত্যার উদ্দেশেই পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ গ্রেনেড হামলার ঘটনাটি দেশের জন্য একটি কালো অধ্যায় উল্লেখ করে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর, শিক্ষক মো. শাহিনুর রহমান, মো. লুত্ফর রহমান, মো. জাকারিয়া, কামাল হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী মো. নজিবুল্লাহ প্রমুখ।