হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামির আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার উপকূলবর্তী ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গতকাল শনিবার রাতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র জানায়, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুনামির ঢেউ প্রথম আঘাত হানে হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলু দ্বীপে। ঢেউয়ের উচ্চতা ছিল তিন থেকে সাত ফুট। এই উচ্চতার ঢেউ খুব বেশি বিপজ্জনক না হলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সুনামিতে বিপদের আশঙ্কা নেই বলে ধরে নেওয়া হলে বোকামি হবে। কেননা, প্রায়শই সুনামির প্রথম দিকের ঢেউগুলো তেমন বড় বা উঁচু হয় না।প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্রের জ্যেষ্ঠ ভূবিজ্ঞানী জেরার্ড ফ্রায়ার বলেন, ‘সুনামি মানে শুধু একটা ঢেউ নয়, একের পর এক ঢেউ। আমি নিশ্চিত, পরের দিকের ঢেউগুলো আরও মারাত্মক হবে।’মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উত্পত্তিস্থল কানাডার উপকূলবর্তী ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের খনি শহর প্রিন্স রুপার্ট থেকে ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১১ মাইল। প্রথমে ৫ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। কিন্তু এর কয়েক মিনিট পরই ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই হাওয়াই দ্বীপপুঞ্জ, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া উপকূল ও যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। এরপর দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপের লোকজনকে সরিয়ে নেওয়া হয় আশ্রয়কেন্দ্রে।শত শত দ্বীপ নিয়ে প্রশান্ত মহাসাগরের প্রায় দেড় হাজার মাইল এলাকাজুড়ে গঠিত হাওয়াই দ্বীপপুঞ্জ। সিএনএন, বিবিসি।