হাওয়ার আনন্দ-বেদনার ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওয়া আক্তার। স্বামীর অমতে লেখাপড়া চালিয়ে যাওয়ার কারণে হারাতে হয় হাতের আঙুল। তবুও হার মানেননি তিনি। এইচএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে পাস করেছে। এবারের ঈদ কেমন কাটল তাঁর?এবারের ঈদ হাওয়ার মনে তৈরি করেছে মিশ্র অনুভূতি। কিছু সময় আনন্দে কাটলেও খানিক পরে মনের মধ্যে কষ্ট ভর করেছে। স্বামীর অমতে লেখাপড়া চালিয়ে যাওয়ায় তাঁর বর্বরতার শিকার হন তিনি। আঙুল হারানোর কষ্টকে লাঘব করতে দেশের মানুষ হাওয়ার প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রচণ্ড আত্মবিশ্বাসী মেয়েটি এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে সব প্রতিকূলতাকে জয় করেন। তাই তো এই ঈদ হাওয়া আক্তারের আনন্দ-বেদনার ঈদ।হাওয়ার পরিবারের সদস্যরা জানালেন, নিজের বাড়িতে হাওয়া সব সময় ঈদের দিন কাটাতেন। তবে এবার দিনটি কেটেছে মামার বাড়ি নরসিংদীর রায়পুরা জেলার হাটুভাঙায়।কেমন কেটেছে ঈদ—এমন প্রশ্নের উত্তরে জানালেন, ‘আনন্দ ও সাফল্যের দিনে কষ্টগুলো সামনে চলে আসে। আমার বেলায়ও তা-ই হয়েছে। তবে মানুষের ভালোবাসার কথা ভেবে কষ্টগুলো ভুলে থাকার চেষ্ট করেছি।‘ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আর সবার মতো গোসল শেষে নতুন জামা পরেছি। জামাটি ছিল এক পাঠকের পাঠানো। বেড়াতে যাওয়া হয়নি। তবে যারা এসেছে তাদের আপ্যায়ন করেছি। আর খালাতো বোন সানিয়া সুলতানাও আমাকে সঙ্গ দেওয়ার জন্য মামার বাড়িতে এসেছিল। ঈদের দিন বিকেলে আমরা দুজনে মিলে ঘুরেছি। অনেক ভালো লেগেছে।’হাওয়া আক্তারের মা পারভীন বেগম বলেন, ঢাকা থেকে একজন হাওয়ার জন্য একটি পোশাক পাঠিয়েছে। আর ওর বাবা ও মামারা ওকে কাপড় কিনে দিয়েছে। ঈদের দুই দিন আগেই সে তার মামার বাড়িতে চলে যায় ঈদ করার জন্য।উল্লেখ্য, ২০০৮ সালের ৩০ জানুয়ারি সদর উপজেলার ভেলানগর এলাকার হাওয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নূরজাহানপুর গ্রামের রফিকুল ইসলামের বিয়ে হয়। লেখাপড়ার প্রতি হাওয়ার প্রবল আগ্রহ থাকলেও রফিকুল চাননি, তাঁর স্ত্রী পড়াশোনা করুক। তাই রফিকুল দুবাই চলে যাওয়ার পর তাঁকে না জানিয়েই কলেজে ভর্তি হন হাওয়া।কলেজে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার খবর শুনেই ক্ষিপ্ত হন রফিকুল। গত বছরের ৪ ডিসেম্বর রফিকুল দেশে ফিরে ঢাকার জিয়া কলোনিতে তাঁর বোনের বাসায় চাপাতি দিয়ে হাওয়ার ডান হাতের চারটি আঙুল কেটে নেন। এ ঘটনায় হাওয়ার বাবা ইউনুছ মিয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন। পরে পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে। রফিকুল ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মামলাটি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। নরসিংদী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ‘এ’ গ্রেড (জিপিএ ৪ দশমিক ৩) পেয়ে উত্তীর্ণ হয়েছেন হাওয়া। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করছেন।