হাকালুকি হাওরপারে ১৬ অবৈধ ইটভাটা!
মৌলভীবাজার ও সিলেট জেলার পাঁচটি উপজেলাজুড়ে বিস্তৃত হাকালুকি হাওরপারের বিভিন্ন এলাকায় ১৬টি ইটভাটা অবৈধভাবে গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এসব ইটভাটা বন্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রায় ৪০ হাজার হেক্টর এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। এটি দেশের বৃহত্তম হাওর। সরকার ১৯৯৯ সালে এ হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ) ঘোষণা করে। ইসিএ আইন অনুযায়ী হাওর এলাকার অভ্যন্তরে মাটি, পানি, বায়ু ও শব্দদূষণকারী কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে গত কয়েক বছরে হাওরের বিভিন্ন এলাকায় ১৬টি ইটভাটা স্থাপন করা হয়। এসব ইটভাটার মালিকেরা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।সূত্র জানায়, ২০০৭ সালে এসব শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের ইটভাটা সরিয়ে নিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। পরে মালিকেরা চিঠির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের কোনো ধরনের হয়রানি না করতে নির্দেশ দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় কয়েকটি ইটভাটায় অবাধে কাঠ পোড়ানো হয়। আশপাশের সংরক্ষিত বন থেকে বনদস্যুরা অবৈধভাবে এসব কাঠ কেটে এনে ইটভাটায় বিক্রি করে। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক সরদার শরীফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে তাঁরা এসব ইটভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না।হাকালুকি হাওরের উন্নয়নে কর্মরত পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয়ের ব্যবস্থাপনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইটভাটাগুলোতে কাঠের পাশাপাশি কয়লা পোড়ানো হয়। কয়লার ধোঁয়ায় প্রচুর পরিমাণে সালফার থাকে। এতে হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ নষ্ট হচ্ছে।’ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলোয়ার হোসেন জানান, ইটভাটাগুলোতে কাঠ পোড়ানোর বিষয়ে তিনি কিছু অভিযোগ পেয়েছেন। খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।