হাকালুকি হাওরপাড়ে বাড়ছে পরিবেশবান্ধব চুলার ব্যবহার
হাকালুকি হাওরপাড়ের পরিবারগুলোর মধ্যে রান্নার কাজে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব মাটির তৈরি বন্ধু চুলার ব্যবহার বাড়ছে। এ চুলা ব্যবহারের কারণে গৃহিণীদের স্বাস্থ্য সুরক্ষা এবং রান্নার জ্বালানি হিসেবে কাঠ ও জৈব সার হিসেবে ব্যবহূত গবাদিপশুর গোবর সাশ্রয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।হাওরপাড়ের গোবিন্দপুর গ্রামের রিজিয়া বেগম পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে পরিবেশবান্ধব বন্ধু চুলা তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে তিনি সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তৈরি করেন পরিবেশবান্ধব চুলা। তারপর নিজের পরিবারের রান্নার কাজে সেই চুলা ব্যবহার করেন। রিজিয়া বেগম জানান, এ চুলা ব্যবহার করায় এখন তার আগের ব্যবহূত চুলার চেয়ে অর্ধেকেরও বেশি লাকড়ির সাশ্রয় হচ্ছে। অন্যদিকে এই চুলায় রান্নাঘরে ধোঁয়া হয় না। ঘরের চাল ও বেড়ায় কালি জমে না। রান্নার হাঁড়ি-পাতিল কম কালো হয়। এ ছাড়া আগের চুলার চেয়ে কম সময়ে রান্না হয়ে থাকে। বড়লেখা উপজেলার হাল্লা গ্রামের বন্ধু চুলা ব্যবহারকারী আসমা বেগম জানান, আগের চেয়ে কম সময়ে তিনি রান্না করতে পারেন। তাছাড়া ধোঁয়া না থাকায় চোখ জ্বালাপোড়া করে না। পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্প সূত্র জানিয়েছে, প্রকল্প থেকে হাকালুকি হাওরপাড়ের প্রকল্পভুক্ত ২৮টি গ্রাম সংরক্ষণ দলের (ভিসিজি) ২৮ জন মহিলা সদস্যকে ২০০৯ সালের প্রথম দিকে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী চুলা তৈরির প্রশিক্ষণ প্রদান ও এই চুলার প্রদর্শন করা হয়। প্রশিক্ষণপ্রাপ্তরা এই চুলা তৈরি করে প্রথমে নিজেরা সেটা ব্যবহার করেন। তাঁদের চুলা দেখে আশপাশের অনেকেই এই চুলা ব্যবহারে আগ্রহী হয়ে ওঠেন। গোবিন্দপুরের রিজিয়া বেগম ছাড়াও আলীনগরের শেফালী বেগম এবং ছালিয়া গ্রামের সিরাই বেগম অন্যদের জন্যও চুলা তৈরি করে দিচ্ছেন। প্রতি চুলার জন্য তাঁরা ২০০ থেকে ২৫০ টাকা মজুরি নিয়ে থাকেন। পরিবেশ অধিদপ্তর উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্প কুলাউড়া কার্যালয়ের উদ্যান সম্প্রসারণ কর্মকর্তা ও পরিবেশবান্ধব বন্ধু চুলা তৈরির প্রশিক্ষক মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘হাকালুকি হাওরপাড়ের বাসিন্দারা তাদের দৈনন্দিন রান্নাবান্নার জন্য জ্বালানি হিসেবে হাওর ও টিলার গাছপালা কেটে এনে ব্যবহার করে। বন্ধু চুলার ব্যবহার ব্যাপক করা গেলে হাওর বনের গাছপালা রক্ষা পাবে। এই চুলা ব্যবহারে ৫০ ভাগেরও বেশি জ্বালানি সাশ্রয় হয়ে থাকে বলে পরিবেশ সংরক্ষিত হবে। রক্ষা পাবে জীববৈচিত্র্য।’ আবদুল মালেক জানান, যেসব প্রচলিত চুলা ব্যবহার করা হয়, তা মোটেই বিজ্ঞানসম্মত না। এতে জ্বালানির অপচয় হয়। প্রচলিত চুলায় জ্বালানি পুড়িয়ে যতটুকু তাপশক্তি পাওয়া যায়, তার মাত্র ৫ থেকে ১৫ শতাংশ কাজে লাগে। আর এসব চুলা থেকে সৃষ্ট ধোঁয়ায় কার্বন ডাই-অক্সাইড গ্যাস, অদহনকৃত ভাসমান কণা ইত্যাদি বিদ্যমান থাকে, যা ব্যবহারকারীর স্বাস্থ্যের ক্ষতি এবং পরিবেশকে দূষিত করে। প্রচলিত চুলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। রান্নার ধোঁয়া ও গরম গ্যাসের কারণে চোখ দিয়ে পানি পড়ে এবং ফুসফুস আক্রান্ত হয়। প্রচলিত চুলার ক্ষতিকর দিকগুলো বিবেচনায় রেখে উদ্ভাবিত হয়েছে বন্ধু চুলা। এটা প্রচলিত চুলার উন্নত সংস্করণ। এটা গবেষণার মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়েছে। এ চুলা রান্নাঘরের পরিবেশ দূষণমুক্ত রাখে ও গৃহিণীর স্বাস্থ্য ভালো থাকে। অগ্নি-দুর্ঘটনার সম্ভাবনা কম। সর্বোপরি কম জ্বালানি পোড়ানোর কারণে কম কার্বন ডাই-অক্সাইড নির্গমন হয়ে থাকে। তিনি জানান, এলাকায় চুলার অনেক চাহিদা থাকলেও ব্যাপকহারে সরবরাহ করা যাচ্ছে না। তাদের প্রশিক্ষণের মাধ্যমে হাকালুকি হাওরপাড়ের প্রায় দেড় শ পরিবার এই চুলা ব্যবহার করছে। একটি চুলা তৈরিতে প্রায় এক হাজার ২০০ টাকা খরচ পড়ে। তবে যাঁরা নিজে বানাতে পারেন, তাঁদের শুধু সরঞ্জাম খরচ ৭০০-৮০০ টাকা লাগে। তবে পরিবেশ অধিদপ্তর ছাড়াও আরও কিছু বেসরকারি সংস্থা (এনজিও) চা-বাগানসহ বিভিন্ন এলাকায় বন্ধু চুলা তৈরির প্রশিক্ষণ দিচ্ছে ও বিতরণ করছে।