হাকালুকিতে পাখি সমাবেশ, তক্কে তক্কে শিকারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের বুকে হরেক রকম জলচর পাখি ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে। খাবারের খোঁজে দল বেঁধে ছুটে চলছে এক বিল থেকে অন্য বিলে। মৌলভীবাজারের হাকালুকি হাওরে এ দৃশ্য এখন প্রতিদিনের। কুলাউড়া ও জুড়ী উপজেলার চকিয়া, নামা তুরল, পিঙলা ও চাতলা বিল ঘুরে বিভিন্ন জাতের জলচর পাখির সমাবেশ দেখা যায়। চাতলা বিলের কাছে রয়েছে একটি পুরোনো হিজল বন। সন্ধ্যা নামলেই এখানে সাদা বকের ভিড় জমে। চাতলা বিলের ইজারাদার মণীন্দ্র বিশ্বাস (৪০) বললেন, ‘পুরো শীত মৌসুমে বকেরা এখানে থাকে। এটিকে স্থানীয় লোকজন বকের বাড়ি নামেই চেনে।’পাশাপাশি হাকালুকিতে বেড়েছে পাখিশিকারিদের তত্পরতাও। কিন্তু তাদের রোধ করা যাচ্ছে না। গত সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসন পাখিশিকারিকে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে।‘পাখি তো বেশুমার আইছে। কিন্তু কিছু মাইনসে রাইত একজাত বিষটোপ ছিটাইয়া দেইন। খাবার মনে করি পাখিরা ইটা খাইয়া অজ্ঞান অই যায়। আবার জাল পাতাইয়াও অনেকে শিকার করইন।’ পাখিশিকারিদের তত্পরতা সম্পর্কে বলছিলেন জুড়ীর বেলাগাঁও গ্রামের রজব আলী (৫০)। স্থানীয় লোকজন জানায়, শিকারিরা দিনের বেলায় মাছের ঝুড়ি ও চটের বস্তায় লুকিয়ে চড়া দামে আশপাশের হাটবাজারে পাখি বিক্রি করেন। পরিবেশ অধিদপ্তরের অধীন উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয়ের কর্মকর্তারা জানান, হাকালুকি হাওরের আয়তন প্রায় ১৮ হাজার হেক্টর। সরকার ১৯৯৯ সালে হাকালুকি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। এখানে শীত মৌসুমে জলচর পাখিদের মধ্যে বিদেশি জাতের পিয়ং, লেন্জা, চকাচকি, মরচেরং ভুতি, কালোকোট, ইউরেশীয় সিঁথি, উত্তুরে খুন্তি, টিকি, খোঁপাডুবুরি, বেগুনি কালেম, শৈলবগা, দাগি রাজহাঁস এবং দেশি রাজসরালি, পাতিসরালি ও শামুকখোল পাখি দেখা যায়।কর্মকর্তারা জানান, সিডব্লিউবিএমপির উদ্যোগে গত বছরের ১২ ফেব্রুয়ারি পাখি বিশেষজ্ঞ ইনাম আল হকের নেতৃত্বে হাকালুকি হাওরে এক দিনের জলচর পাখির শুমারি হয়। তাতে প্রায় ৮৫ হাজার পাখির সন্ধান মেলে। এর মধ্যে ২০০টি বিপন্ন জাতের কালেম পাখির দেখা মেলে। এ ছাড়া ২০০৮ সালের ফেব্রুয়ারিতে এক শুমারিতে হাকালুকি হাওরে ৪৮ প্রজাতির এক লাখ ১৪ হাজার এবং ২০০৭ সালের ডিসেম্বরে ৪০ প্রজাতির এক লাখ ২৬ হাজার অতিথি ও দেশি জলচর পাখির সন্ধান মেলে।ইনাম আল হক প্রথম আলোকে বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারিতে শুমারির সময় হাওরে শৈলবগা ও দাগি রাজহাঁস নামের দুই জাতের অতিথি পাখি দেখা গেছে। এদের সচরাচর দেখা যায় না।’ তিনি বলেন, ‘হাওরের অন্তত দু-তিনটি বিলের ইজারা বন্ধ করে তাতে পাখির স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা উচিত।’সিডব্লিউবিএমপির কুলাউড়া কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ জানান, জলাশয়ের বিভিন্ন জলজ উদ্ভিদ, শামুক ও পোকামাকড় পাখিদের প্রধান খাবার। জলাশয়গুলো পলিতে ভরাট হয়ে পড়ছে। এ ছাড়া হাওর পারের আবাদি জমিতে যথেচ্ছ কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এগুলো পাখিগুলোর আবাসস্থলের জন্য ক্ষতিকর। তিনি জানান, পাখি শিকার বন্ধে তাঁদের প্রকল্পের গ্রাম সংরক্ষণ দলের সদস্যরা স্থানীয় লোকজনকে সচেতন করে তুলতে কাজ করছেন। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষা এবং এর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা চলছে।’