ডিসেম্বর মাস এলে ঢাকার পথে পথে জাতীয় পতাকা বিক্রি করতে দেখা যায় কিছু লোককে। এবারই প্রথম ২৩ জনের একটি দলের সঙ্গে পতাকা বিক্রি করতে এসেছিলেন হাকিম আলী। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোল্লার চর গ্রামে। তাঁরা পতাকা এনেছিলেন করিমগঞ্জের মোল্লার চর গ্রাম থেকে।হাকিম আলী জানান, ছোট পতাকায় তিন টাকার মতো লাভ হয়, আর বড় পতাকায় লাভ থাকে ৪০ টাকা পর্যন্ত। তিনি মোল্লার চরের রফিকের কাছ থেকে বাকিতে পতাকা এনেছেন। হাকিম এই প্রথম ঢাকা শহরে এসেছেন। প্রতিবছর তাঁদের গ্রামের কিছু লোক ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চের আগে ঢাকায় আসেন। পতাকা বিক্রি করতে এসে হাকিম সংসদ ভবন দেখেছেন; দেখেছেন শিশুপার্ক, ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি। ‘এই শহরে শুধু মানুষ আর গাড়ির ভিড়, হাঁটার জায়গা নাই।’ বললেন হাকিম।এবার ঢাকায় পতাকা বিক্রির লোক বেশি। তাই হাকিমের বেচাবিক্রি কম। কোনো কোনো দিন তাঁর খাওয়া-খরচের টাকাও ওঠেনি। তিনি জানান, থাকা-খাওয়ার খরচ বাদ দিয়ে ১৫ দিনে হাজার দুয়েক টাকা লাভ হয়েছে। হাকিম আলী বলেন, ‘আমরা হাওরাঞ্চলের মানুষ। আমাদের জায়গাজমি পাঁচ মাস পানির নিচে থাকে। সে সময়টা বেকার বসে থাকি। অনেক সময় নৌকা চালাই, আবার ঘরে বসে বাঁশ-বেতের কাজ করি।’হাকিমের সংসারে আছে এক ছেলে ও এক মেয়ে। তিনি বলেন, ‘আমার মামাশ্বশুর বাদশা মিয়া নিঃসন্তান ছিলেন। তিনি আমাকে তাঁর ভাগ্নির সঙ্গে বিয়ে দিয়ে ঘরজামাই করে আনেন। আমার মামাশ্বশুর মারা গেছেন ১৫ বছর আগে। তিনি পাঁচ একর পাঁচ শতক জায়গা আমার স্ত্রীর নামে লিখে দিয়ে যান। আমরা দীর্ঘদিন সে জায়গা ভোগ করছি। তিন বছর আগে কোরপাইয়ের প্রভাবশালী বন্দে আলী এই সম্পত্তি দখল করতে আসে। সে বলে, আমার শ্বশুর তার কাছে জমি বিক্রি করে গেছেন।’তিন বছর ধরে হাকিমের চাষ করা ধান, পুকুরের মাছ বন্দে আলীর লোকেরা জোর করে নিয়ে যাচ্ছে। হাকিম বলেন, ‘আমি মামলা করেছি। পুলিশ তাদের পক্ষেই কাজ করছে। আমাকে কয়েকবার মারধর করেছে। গ্রামের লোকেরা দখলদারদের ধরে কয়েকবার পিটিয়েছে। এখন এলাকার সন্ত্রাসী দিয়ে আমার জমির মাটি কেটে নিচ্ছে। ঘর থেইকা বের হইলেই সন্ত্রাসীরা আক্রমণ করে। আমারে ভিটাছাড়া করতে চায়। আমার সব শেষ হইয়া যাইতাছে।’