হাকিমপুরে ঝুঁকিহ্রাস ঋণ প্রকল্পের টাকা আদায় হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের দুর্যোগজনিত ঝুঁকিহ্রাস কর্মসূচির আওতায় বিতরণ করা ছয় লাখ টাকার অর্ধেকও এখনো পর্যন্ত আদায় করা যাচ্ছে না। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে এই ঋণ সুবিধা দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বিগত জোট সরকারের আমলে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ২০০৪-০৫ অর্থবছরে সারা দেশে ঝুঁকিহ্রাস ঋণ প্রকল্প চালু করে। অধিদপ্তরের নির্দেশে বলা ছিল, যারা আর্থিক সুবিধাবঞ্চিত এবং যাদের মাসিক আয় সাড়ে তিন হাজার টাকার কম, তারাই মূলত এই ঋণ পাবে। সে মতে উপজেলার তিনটি ইউনিয়নসহ একটি পৌরসভায় ৮৭ জন উপকারভোগীর মধ্যে ছয় লাখ টাকা ঋণ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তখন জোট সরকারের জামায়াত ও বিএনপির নেতারা সাবেক সাংসদ মাওলানা আজিজুর রহমান চৌধুরীর নির্দেশে ওই ঝুঁকিহ্রাস ঋণের তালিকাটি করেন। তাঁরা নিজ নিজ দলের নেতা-কর্মীদের এবং পরিবারের লোকজনের নামে পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করেন। ঋণগ্রহীতা প্রত্যেককে চেকের মাধ্যমে ২০০৬ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই ঋণ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ঋণগ্রহীতারা মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের কথা বলা থাকলেও তাঁরা ঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছেন বলে জানা গেছে। সূত্রমতে জানা গেছে, ওই তালিকায় আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা নজমুল হক মাস্টার তাঁর দুই ছেলে মোজাহিদুল ইসলাম ও হুজ্জাতুল ইসলামের নামে ২০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু নিয়ম ছিল দুর্যোগজনিত মানুষেরা এই ঋণ পাবে। এ ছাড়া ঋণগ্রহীতা জামাত নেতা হাফিজুর রহমানের স্ত্রী মোছা. মনোয়ারা বেগম, কাশিয়াডাঙ্গা গ্রামের শাহাদত হোসেন, রিকাবি গ্রামের আবদুল কাফিসহ মোট আটজন ইতিমধ্যে এই ঋণ পরিশোধ করেন। তবে তাঁরা কেউই দুস্থ নন।তবে এখনো বাশমুড়ি গ্রামের জামায়াত নেতা হযরত আলী, মোসলেম উদ্দীন, আলীহাট ইউনিয়ন বিএনপির নেতা সুলতান মাহমুদ, ঘনসামপুর গ্রামের জামায়াত নেতা ছামসুদ্দিন আলমের মেয়ে জান্নাতুল, সিংড়াপাড়ার জামায়াত নেতা মাওলানা আবদুল গনি, রাউতাড়া গ্রামের জামায়াত নেতা মাওলানা আবদুুল আজিজ, পৌর বিএনপি নেতা ছামছুল, খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলামসহ ৭৯ জন ঋণ পরিশোধ করেননি। তাঁদের মধ্যে কেউ কেউ এক বা দুই কিস্তির টাকা জমা দিয়েছেন বলে জানা গেছে।গত ১ নভেম্বর খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক মণ্ডল বলেন, ‘জামায়াত ও বিএনপির সময়ে এই ইউনিয়নের ২৭ জন উপকারভোগীর মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা বিতরণ করা হয়। যাঁরা এই ঋণ পেয়েছেন, তাঁরা অধিকাংশই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। ওই সময় তাঁদের করা তালিকা আমাদের কাছে দাখিল করে সই করতে বাধ্য করা হয়েছিল। এমপির সম্মান রক্ষায় আমরা তাঁদের করা তালিকায় সই করি।’ তবে তিনি দাবি করেন, এ বিষয়ে টাকা আদায়ে ঋণগ্রহীতাদের বারবার নোটিশ দেওয়া হচ্ছে এবং অনেকেই কিস্তি পরিশোধ করছেন। এই ইউনিয়নে এখনো ৯৮ হাজার ৯৩৬ টাকা অনাদায়ী রয়েছে বলে তিনি জানান। বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম বলেন, এই ইউনিয়নে ১৭ জন ঋণগ্রহীতা ছিলেন। তাঁদের মধ্যে দেওয়া হয়েছিল এক লাখ ৩০ হাজার টাকা। নিয়মিত পরিশোধ করে দেওয়ার ফলে এখন মাত্র ১৪ হাজার ৬২৫ টাকা অনাদায়ী রয়েছে। কিছুদিনের মধ্যেই এই টাকা পরিশোধ হবে বলে তিনি মনে করেন। আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হক মাস্টার জানান, ২০ জন উপকারভোগী এক লাখ ৫০ হাজার টাকা পান। এর মধ্যে শুধু সাত হাজার ৪৩৮ টাকা আদায় সম্ভব হয়েছে। বাকি টাকা আদায়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, পরিষদের সচিব সব জানেন। তাঁর ছেলের নামে ঋণ নেওয়ার কথা স্বীকার করে বলেন, তা পরিশোধ করা হয়েছে। হাকিমপুর পৌর মেয়র মো. কামাল হোসেন বলেন, পৌর এলাকায় এক লাখ ১৫ হাজার টাকা দেওয়া হয়। এই সুবিধা পান পৌর এলাকার ২৩ জন উপকারভোগী। তিনি স্বীকার করেন, এখনো ৬২ হাজার ১৫৪ টাকা অনাদায়ী রয়েছে।গত ১ নভেম্বর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ টি এম বেনজির রহমান বলেন, ‘উপজেলার একটি পৌরসভা এবং তিনটি ইউনিয়নে মোট ৮৭ জনের মধ্যে ঝুঁকিহ্রাসের ছয় লাখ টাকা বিতরণ করা হয়। ঋণ পরিশোধ করতে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু তাঁরা ঋণগ্রহীতাদের কাছ থেকে টাকা আদায় করতে পারছেন না বলে আমাদের কাছে একের পর এক সময় নিচ্ছেন। বর্তমানে দুই লাখ ৪৭ হাজার ১১৮ টাকা অনাদায়ী রয়েছে।’ হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে উদ্যোগ নিয়েছি।’ তবে এই মুহূর্তে ঋণগ্রহীতাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তিনি জানান।