হাকিমপুরে ভালো প্রার্থীর খোঁজে ভোটাররা
তফসিল ঘোষণার আগে থেকে দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় নির্বাচনী হাওয়া শুরু হলেও ১৪ ও ১৫ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার পর এখন সর্বত্রই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা অভিযান। শীত উপেক্ষা করে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা তাঁদের সমর্থন নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। স্থানীয় পৌর ভোটার আসাদুল ইসলাম, শফিকুল ইসলাম ও মছির উদ্দীন জানান, নির্বাচন এলে সবাই ভালো কথা বলে ভোট নেন। কিন্তু ভোটে জেতার পর কোনো সমস্যা নিয়ে গেলে কাজ হয় না। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে প্রার্থী পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়নে নিবেদিত হবেন, এমন প্রার্থীকেই ভোট দেবেন ভোটাররা। আর সেই লক্ষ্যে ভালো প্রার্থীর খোঁজে আছেন এখানকার ভোটাররা। এলাকা ঘুরে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর থেকে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তবে আগের চেয়ে ভোটাররা এবার কিছুটা হলেও প্রার্থীর ভালো-মন্দের বিভিন্ন দিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন।