২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারকের সাক্ষ্য নিয়ে প্রশ্ন তোলার ব্যাপারে আসামি পক্ষের আবেদন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে আদালত আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ মুলতবি করে আগামী ১৩ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন।আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুরুদ্দিন এ আদেশ দেন। গতকাল রোববার ঢাকার তত্কালীন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া ২১ আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলায় সাক্ষ্য দেন। আসামি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানের আইনজীবী ফখরুল ইসলাম আদালতকে বলেন, তিনি যে জবানবন্দি দিয়েছেন, তা বিস্ফোরক দ্রব্য আইনে। হত্যা মামলায় তিনি কোনো জবানবন্দি দেননি। এ অভিযোগে ওই আইনজীবী আদালতে একটি আবেদন করেন। আদালত আজ শুনানি শেষে তা নাকচ করে দেন। শুনানির পর আজ আসামি পক্ষের আইনজীবীরা আরেকটি আবেদন করে বলেন, তাঁরা এই আদেশের বিরুদ্ধে উচ্চআদালতে যাবেন। এ কারণে তাঁরা সাক্ষীকে জেরা করবেন না। ওই আবেদনে সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখারও আবেদন জানান তাঁরা। আদালত সাক্ষ্যগ্রহণ কার্যক্রম মুলতবি করে পরবর্তী তারিখ ধার্য করেন।