হাকিমের সাক্ষ্য নিয়ে প্রশ্ন মুফতি হান্নানের আইনজীবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারকের সাক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আসামিপক্ষের আইনজীবী। একই সঙ্গে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য ফৌজদারি কার্যবিধির ১৯৩ ধারায় সাজা দাবি করে আবেদন করেছেন তাঁরা। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানের আইনজীবী ফখরুল ইসলাম এই আবেদন করেন। আজ সোমবার এ বিষয়ে আদেশ দেওয়া হতে পারে। মুফতি হান্নানের সম্পূরক জবানবন্দি গ্রহণকারী ঢাকার সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া গতকাল আদালতে ২১ আগস্টের ঘটনায় করা দুটি মামলায় (হত্যা ও বিস্ফোরক) সাক্ষ্য দেন। তিনি বর্তমানে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ। হাবিবুর রহমান সাক্ষ্যে বলেন, ২০১১ সালের ৭ এপ্রিল তাঁর খাসকামরায় মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণ করেন। তার আগে হান্নানকে বিষয়টি ভেবে দেখার জন্য তিন ঘণ্টা সময় দেওয়া হয়। কারও দ্বারা প্রভাবিত হয়ে জবানবন্দি দিচ্ছেন কি না—জানতে চাইলে হান্নান তখন স্বেচ্ছায় জবানবন্দি দিচ্ছেন বলে জানান। এরপর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। সাক্ষ্য শেষে হাবিবুর রহমানকে জেরা করেন মুফতি হান্নানের আইনজীবী ফখরুল ইসলাম।আইনজীবী: আপনি কত তারিখে গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণ করেছেন? হাবিবুর রহমান: ২০১১ সালের ৭ এপ্রিল। আইনজীবী মুফতি হান্নানের ওই জবানবন্দি দেখিয়ে প্রশ্ন করেন: আপনি ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় এই জবানবন্দি নিয়েছিলেন? হাবিবুর রহমান: হ্যাঁ। এ পর্যায়ে আসামির আইনজীবী আদালতকে বলেন, সাক্ষী হাবিবুর রহমান বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি মুফতি হান্নানের জবানবন্দি লিপিবদ্ধ করেছেন। কিন্তু হত্যা মামলায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেননি। তিনি হত্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। হত্যা মামলায় তাঁর জবানবন্দি প্রত্যাহার করা হোক। আসামির আইনজীবী আদালতে হাবিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার লিখিত অভিযোগ দাখিল করেন। তাতে এ সাক্ষ্যের কারণে সাজা দাবি করেন। কিন্তু বিচারক শাহেদ নুর উদ্দিন এ বিষয়ে কোনো আদেশ দেননি। জেরা শেষ না হওয়ায় আজ সোমবার আবার জেরার দিন ধার্য করেছেন বিচারক। আইনজীবী ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দ্বিতীয় দফায় মুফতি হান্নান শুধু বিস্ফোরক দ্রব্য আইনে জবানবন্দি দেন। কিন্তু জবানবন্দি লিপিবদ্ধকারী বিচারক আদালতে দুটি মামলায় সাক্ষ্য দিয়েছেন। জেরায় তা স্বীকার করেছেন। তাই তাঁর বিরুদ্ধে একটি আবেদন করা হয়েছে।এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, আসামিপক্ষ যে দরখাস্ত দিয়েছে, তার আইনগত কোনো ভিত্তি নেই। মামলার বিচার-প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য এই দরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করা হয়। তদন্ত শেষে সিআইডি পৃথক দুটি আইনে অভিযোগপত্র দেয়। আসামি মুফতি হান্নান অধিকতর তদন্তকালে মূল মামলায় স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি দেন। ভুলবশত ধারা লেখা হয়নি।