হাকিমের হুকুমে আটকে গেল প্রধানমন্ত্রীর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মরগান চেঙ্গারাইয়ের বহু প্রেম আর বিয়ের গল্প নতুন নয়। এই ৬০ বছর বয়সেও চলতি সপ্তাহের শেষের দিকে আরেকটি বিবাহের পরিকল্পনা করছিলেন তিনি। কিন্তু বিধি বাম। এক সাবেক প্রেমিকার আবেদনে গতকাল শুক্রবার দেশটির এক হাকিম চেঙ্গারাইয়ের বিবাহ বন্ধের আদেশ দিয়েছেন। গতকাল বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।কিন্তু থেমে যাওয়ার পাত্র নন চেঙ্গারাই। তাঁর আইনজীবীরা জানান, হাকিমের এই আদেশের বিরুদ্ধে তাঁরা দ্রুত আপিল করবেন। চেঙ্গারাইয়ের এক আইনজীবী বলেছেন, ‘আদালত রুল জারি করেছেন। কিন্তু আমরা এ রুলের সঙ্গে একমত নই। বিবাহ অনুষ্ঠানের আগেই জরুরিভিত্তিতে আমরা হাইকোর্টে আপিল করব।’এ ঘটনার আগে চলতি সপ্তাহের শুরুর দিকে চেঙ্গারাইয়ের সাবেক এক প্রেমিকা তাঁর বিবাহ বন্ধের চেষ্টা করেছিলেন। ওই প্রেমিকা দাবি করেন, জিম্বাবুয়ের ঐতিহ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিবাহ হয়েছে।এর এক দিন পরই দ্বিতীয় এক নারী চেঙ্গারাইয়ের বিবাহ বন্ধ করতে আদালতে মামলা করেন। তিনি দাবি করেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রেম চলছে। বিবাহও ঠিক হয়ে আছে। হাইকোর্ট ওই নারীর আবেদন নাকচ করেন। তবে এক হাকিম ওই নারীর আপিল গ্রহণ করে চেঙ্গারাইয়ের বিবাহ বন্ধ করার আদেশ দেন। প্রধানমন্ত্রীর বিবাহের মাত্র ২৪ ঘণ্টা আগে এমন আদেশ এল।