হাক্কানির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী হাক্কানির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই গোষ্ঠীর আত্মঘাতী হামলার মূল পরিকল্পক কারি জাকিরের বিরুদ্ধেও একই নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ নির্দেশ দেওয়া হয় বলে ডন অনলাইনের খবরে জানানো হয়।জাতিসংঘে আফগানভিত্তিক তালেবানের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, এর মধ্যে হাক্কানি ও এর নেতা জাকিরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে জাকিরের ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপিত হবে। একই সঙ্গে হাক্কানি ও জাকিরের সম্পদ জব্দ হবে।গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল জাকিরকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়।জাতিসংঘের একজন কর্মকর্তা জানান, সংগঠনটি আল-কায়েদা, দ্য ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান এবং পাকিস্তানের তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), লস্কর-ই-জাংভি ও জয়েস-ই-মোহাম্মদের সঙ্গে সম্পৃক্ত।জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, জাকিরের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ২০১০ সালে আন্তর্জাতিক যৌথ দুটি ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। ২০১১ সালের জুনে কাবুলে ইন্টারন্যাশনাল হোটেলে সংগঠনটির পরিচালিত এক হামলায় ১১ জন বেসামরিক ও দুজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। এর দুই মাস পর কাবুলে মার্কিন দূতাবাসে হামলায় ছয় শিশুসহ ১৬ জন আফগান নাগরিক নিহত হন। এ ছাড়া ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছিল সংগঠনটি।যুক্তরাষ্ট্রের সাবেক চিফ অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেন বলেন, গত বছর হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) ‘ঘনিষ্ঠ দোসর’ ছিল।