হাক্কানির পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইন এ খবর জানিয়েছে।পাকিস্তানে সেনাবাহিনীর সম্ভাব্য অভ্যুত্থান ঠেকাতে হাক্কানি মার্কিন সহায়তা চেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে শীতল সম্পর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহের শুরুর দিকে ইসলামাবাদ হাক্কানিকে তলব করে। এরপর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব হাক্কানিকে পদত্যাগ করতে বলে। একই সঙ্গে হাক্কানির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল হাক্কানি পদত্যাগের ঘোষণা দেন। হাক্কানির পদত্যাগ গৃহীত হয়েছে বলে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। সম্প্রতি স্থানীয় প্রচারমাধ্যমে বলা হয়, মার্কিন কমান্ডোরা লাদেনকে হত্যা করার পর ক্ষুব্ধ হয়ে ওঠা পাকিস্তানি সেনাবাহিনীর রাশ টেনে ধরতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাক্কানির মাধ্যমে মার্কিন সেনা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। এক মার্কিন লবিস্ট হাক্কানির বিরুদ্ধে এ অভিযোগ তোলেন। তবে প্রথম থেকেই হাক্কানি তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছেন।২০০৮ সাল থেকে হাক্কানি যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।