হাঙ্গেরিতে স্টিভ জবসের ব্রোঞ্জমূর্তি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঙ্গেরিতে তথ্যপ্রযুক্তির অন্যতম পথিকৃত্ বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি মূর্তি উন্মোচন করা হয়েছে। হাঙ্গেরির একটি সফটওয়্যার প্রতিষ্ঠান গতকাল বুধবার ব্রোঞ্জ দিয়ে নির্মিত সাত ফুট উচ্চতার মূর্তিটি উন্মোচন করে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্টিভ জবস হাঙ্গেরির এই প্রতিষ্ঠানটির প্রত্যেক কর্মীর কাছেই ছিলেন ‘আধুনিক যুগের মহান মানুষদের একজন’।জবসের মূর্তিটি তৈরি করেছেন হাঙ্গেরির ভাস্কর এরনো টথ। বুদাপেস্টে সফটওয়্যার ডিজাইন কোম্পানি গ্রাফিসফটের প্রযুক্তি পার্কে মূর্তিটি স্থাপন করা হয়েছে।বার্তা সংস্থা সিনহুয়া জানায়, মূর্তির পাদদেশে ব্রোঞ্জের তৈরি আইপ্যাড আকৃতির একটি ট্যাবলেটে জবসের একটি উদ্ধৃতি খোদাই করা হয়েছে। উদ্ধৃতিটি হচ্ছে, ‘মহত্ কাজ করার একমাত্র উপায় হচ্ছে, তুমি যা কারও, তা ভালোবাসো।’মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গ্রাফিসফটের এক কর্মকর্তা বলেন, স্টিভ জবস ১৯৮০-এর দশকে তাদের ছোট্ট এই প্রতিষ্ঠানকে অর্থ ও কম্পিউটার দিয়ে সাহায্য করেছিলেন। আর তাঁর সাহায্যের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটি আজ সেই ছোট্ট অবস্থান থেকে বিশ্ব দরবারে আর্কিটেকচার সফটওয়্যার নির্মাণে নেতৃত্ব দিচ্ছে।

গ্রাফিসফটের চেয়ারম্যান গ্যাবর বোজার অ্যাপলকে একটি ‘ধর্ম’ বলেই উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়ে প্রযুক্তিকে জবস অনেক এগিয়ে নিয়ে গেছেন। যা কেবল লেখার পদ্ধতি আবিষ্কারের সঙ্গেই তুলনা করা যায়।পিটিআই অনলাইন জানায়, ১৯৮৪ সালে জার্মানির হ্যানোভারে গ্যাবর জবসের সঙ্গে দেখা করেন। তিনি জবসকে বলেছিলেন, অ্যাপলের অনুপ্রেরণা ও সহায়তার জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন।দীর্ঘদিন ক্যানসারে ভুগে গত ৫ অক্টোবর স্টিভ জবস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান।