হাঙ্গেরির নির্বাচনে ফিডেসজ পার্টি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেল
হাঙ্গেরির সাধারণ নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণে মধ্য-ডানপন্থী ফিডেসজ পার্টি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে দলটি সরকার গঠন করে ব্যাপক সংস্কার ও ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ক্ষমতা অর্জন করল।হাঙ্গেরির সাধারণ নির্বাচনে গতকাল রোববার দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়। ভোট গণনা শেষে দেখা গেছে, ভিক্টর ওরবানের নেতৃত্বাধীন ফিডেসজ পার্টি ২৬৩টি আসন পেয়েছে। দেশটির পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ২৫৮টি আসন পেলেই চলে। ফিডেসজ পার্টির এ বিশাল বিজয়ের ফলে আট বছর ধরে ক্ষমতায় থাকা সমাজতন্ত্রীরা ক্ষমতাচ্যুত হলো। এর আগে ফিডেসজ পার্টি ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। হাঙ্গেরিতে প্রথম দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১১ এপ্রিল। ওই নির্বাচনেও সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের নেতৃত্বাধীন ফিডেসজ পার্টি ৩৮৬টি আসনের মধ্যে ২০৬টি আসন পেয়ে জয় লাভ করে। রয়টার্স।