হাঙ্গেরির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলো ফিডেশ দল
ভিক্টর ওরবানের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ডানপন্থী ফিডেশ দল হাঙ্গেরির সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় লাভ করেছে। ওরবান গতকাল রোববার উল্লসিত সমর্থকদের বলেন, প্রধানমন্ত্রী হিসেবে হাঙ্গেরিকে নেতৃত্ব দেওয়া হবে তাঁর জীবনের সবচেয়ে বড় কাজ।নির্বাচনের আগের সবগুলো জনমত জরিপের ফলাফল অনুযায়ী ফিডেশ দলের এ নির্বাচনী বিজয় ছিল প্রত্যাশিত। হাঙ্গেরির নাগরিক ও বিদেশি বিনিয়োগকারী, সবাই আশা করে দলটি দ্রুত দেশটির প্রায় ভেঙে পড়া অর্থনীতিকে আগের মতো একটি টেকসই অবস্থানে ফিরিয়ে আনতে পারবে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনের ফলাফল অনুযায়ী, ফিডেশ পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হওয়ার খুব কাছাকাছি অবস্থানে আছে। নির্বাচন কমিটি বলেছে, নির্বাচনে ফিডেশের পরবর্তী অবস্থানে আছে সমাজতন্ত্রী দল এবং তার পরে রয়েছে জব্বিক দল, যেটি প্রতি ছয় ভোটের একটি পেয়ে এই প্রথমবারের মতো পার্লামেন্টের কিছু আসনে জয় লাভ করল।জাতীয় নির্বাচন কমিটি জানিয়েছে, দলটি পার্লামেন্টের ৩৮৬ আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছে। এ ছাড়া সমাজতন্ত্রী দল ২৮টি, জব্বিক দল ২৬টি এবং গ্রিন লিবারেল এলএমপি পাঁচটি আসনে জয়ী হয়েছে।২৫ এপ্রিল হাঙ্গেরির পার্লামেন্টের অবশিষ্ট ১২১ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।ভিক্টর ওরবান রাজধানী বুদাপেস্টের কেন্দ্রে দুই হাজার উচ্ছ্বসিত সমর্থকদের এক সমাবেশে বলেন, ‘এই চমত্কার দিনে হাঙ্গেরির অধিবাসীরা জানিয়ে দিল যে হাঙ্গেরি ঐক্যবদ্ধ, হাঙ্গেরির শক্তি আছে, সে অনেক বড় কাজ করতে সক্ষম, সে চায় কাজ, শৃঙ্খলা ও নিরাপত্তা। হাঙ্গেরির লোকজন বিশ্বকে আরেকবার দেখিয়ে দিয়েছে যে হাঙ্গেরির নাগরিক হওয়া একটি সৌভাগ্যের বিষয়।’এর আগে ফিডেশ দল ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত দেশটি শাসন করে। হাঙ্গেরির অর্থনীতি, যা গত বছর ছয় দশমিক তিন শতাংশ সংকুচিত হয়, তাকে আরও গতিশীল করতে কর কমানো, কাজ সৃষ্টি এবং স্থানীয় ব্যবসা বৃদ্ধির নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে দলটি। দেশটিতে এখন ১১ দশমিক চার শতাংশ লোক বেকার।