হাজতখানায় আসামি পিটিয়ে আহত করল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জজ আদালতের হাজতখানায় আজ মঙ্গলবার সকালে পুলিশ এক আসামিকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।আহত হাজতির নাম উজ্জ্বল হোসেন (৩০)। তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়ার পর জেলহাজতে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ সকাল ১০টার দিকে উজ্জ্বল হোসেনকে জেলহাজত থেকে মামলার শুনানির জন্য জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। সাড়ে ১০টার দিকে উজ্জ্বলের পরিবারের সদস্যরা তাঁকে খাবার দিতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় হাজতখানার ভেতর থেকে উজ্জ্বল পুলিশকে বকা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের দায়িত্বরত হাবিলদার মোসলেম উদ্দিন তাঁকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে উজ্জ্বল জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সা দেওয়ার পর আবার তাঁকে জজ আদালতে নেওয়া হয়। উজ্জ্বলের অবস্থার অবনতি হলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।আহত আসামির স্ত্রী বাসনা খাতুন ও মামা এস এম সরদার অভিযোগ করেন, কথাকাটাকাটির একপর্যায়ে পুলিশ উজ্জ্বলকে এলোপাতাড়ি পেটান ও লাথি মারেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে নিয়ে পুলিশ সদস্যরা দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় আত্মীয়স্বজনকে উজ্জ্বলের কাছে যেতে দেওয়া হয়নি।এ প্রসঙ্গে পুলিশের আদালত পরিদর্শক রবিউল ইসলাম খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আহত আসামির বাড়ি পাবনা সদর উপজেলার মাহমুদপুর গ্রামে। ২০১০ সালের ১৩ আগস্ট একটি অস্ত্র মামলায় তিনি গ্রেপ্তার হন। মামলাটির শুনানির জন্য তাঁকে আদালতে আনা হলে পুলিশের এক সদস্যের সঙ্গে উজ্জ্বলের কথাকাটাকাটি হয় বলে শুনেছি। তবে মারপিটের কোনো বিষয় আমার জানা নেই।’পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ওমর ফারুক মিয়া জানান, প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর উজ্জ্বলকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। চিকিত্সা দেওয়ার সময় উজ্জ্বল তাঁদের জানিয়েছেন, পুলিশ বুট দিয়ে তাঁর মাথায় লাথি দিয়েছে।এ প্রসঙ্গে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘আমি বিষয়টি জানার পরই একটি অভ্যন্তরীণ তদন্ত দল গঠন করেছি। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ওই পুলিশ সদস্যর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’