হাজার কণ্ঠে রবীন্দ্রনাথের ১২টি গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের ১২টি গান করবেন এক হাজারজন শিল্পী। গীতবিতানের দুই হাজার ২২২টি গান আর সঙ্গে ‘মায়ার খেলা’, ‘শ্যামা’, ‘চন্ডালিকা’, ‘চিত্রাঙ্গদা’, ‘বাল্মীকি প্রতিভা’ ও ‘কালমৃগয়া’—সবকিছু নিয়ে তৈরি হচ্ছে ২২টি ডিভিডির অডিও অ্যালবাম শ্রুতি গীতবিতান। আর এই আয়োজন করছে সুরের ধারা। সঙ্গে আছে প্রথম আলো ও চ্যানেল আই। শ্রুতি গীতবিতান অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান’ শিরোনামে তিন দিনের অনুষ্ঠান।সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে এক হাজারজন শিল্পীর এক ঘণ্টার পরিবেশনা। এখানে দেশের প্রতিটি জেলা থেকে অংশগ্রহণ থাকবে। ঢাকা ছাড়া সারা দেশ থেকে ৬০০ জন শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু ঢাকা থেকেই অংশ নেবেন ৪০০ শিল্পী। থাকবেন ঢাকার জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত সব শিল্পী ও সংগঠনের সদস্যরা।’‘সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান’ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে গীতবিতানের ‘প্রথম যুগের উদয়’ গানটি দিয়ে, আর শেষ গান ‘ওই মহামানব আসে’। এর মাঝে সহস্র কণ্ঠে শিল্পীরা পরিবেশন করবেন ‘কান্নাহাসির দোল’, ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘দুই হাতে কালের মন্দিরা’, ‘আগুনের পরশমণি’, ‘প্রাণ ভরিয়ে’, ‘প্রথম আদি তব শক্তি’, ‘আমার মুক্তি’, ‘ওহে দয়াময়’, ‘গ্রাম ছাড়া ওই’, ‘ও আমার দেশের মাটি’ গানগুলো।এই অংশটির পরিচালনা করবেন ভারতের কলকাতার প্রখ্যাত সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। তিনি সিম্ফনি অর্কেস্ট্রার মাধ্যমে সংগীতায়োজন করবেন। আর এই কাজের জন্য কলকাতা থেকে একটি বড় বাদ্যযন্ত্রীর দল ঢাকায় আসছে। অনুষ্ঠানের আগে ২৬ থেকে ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পীদের সঙ্গে মহড়ায় অংশ নেবে তারা।বন্যা আরও জানান, শ্রুতি গীতবিতান-এ যাঁরা কণ্ঠ দিয়েছেন এবং যদি কোনো শিল্পী বা সংগঠন এই আয়োজনে অংশ নিতে চান, তাঁদের লালমাটিয়ায় সুরের ধারায় এসে শিগগিরই নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে।