ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কাজ করবে। এ ছাড়া ভারতের সঙ্গে এক হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন ওবামা। এতে যুক্তরাষ্ট্রের ৫০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল শনিবার মুম্বাইয়ে ভারতীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই ঘোষণা দেন। খবর এএফপি, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।নয় দিনের এশিয়া সফরের শুরুতে গতকাল ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পৌঁছান প্রেসিডেন্ট ওবামা। তিনি মুম্বাইয়ের হোটেল তাজ মহল প্যালেস ও এর আশপাশে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকবইয়ে মন্তব্য লেখেন। তিনি গতকাল হোটেল তাজে অবস্থান করে আজ রোববার ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার কথা।তাজে বৈঠক: মুম্বাই হামলায় বেঁচে যাওয়া কয়েকজনের সঙ্গে হোটেল তাজে বৈঠক করেন ওবামা। তিনি বলেন, ‘তাজ হোটেলে এসে সবার কাছে একটি বার্তাই পাঠাতে চাই, তা হলো জনগণের ভবিষ্যৎ নিরাপত্তা ও সমৃদ্ধির ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কাজ করবে।’ তিনি বলেন, তাজ হোটেল এখন ভারতীয় জনগণের শক্তির প্রতীক হয়ে উঠেছে।ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক: ভারতীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে গতকাল মুম্বাইয়ে এক বৈঠকে ভারতের সঙ্গে এক হাজার কোটি ডলারের চুক্তি করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি মার্কিন রপ্তানি প্রক্রিয়ার সংস্কারেরও ঘোষণা দেন।জানা গেছে, ভারতের স্পাইসজেট এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৩টি বোয়িং ৭৩৭ বিমান কিনবে। জেনারেল ইলেকট্রিকের কাছ থেকে বিমানের ইঞ্জিন কেনার পরিকল্পনাও রয়েছে ভারতের সামরিক বাহিনীর। এমন বেশ কিছু চুক্তি ঝুলে রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ওবামার ভারত সফর এগুলো চূড়ান্ত করতে সহায়তা করবে।গান্ধী জাদুঘর পরিদর্শন: প্রেসিডেন্ট ওবামা গতকাল বিকেলে সস্ত্রীক মুম্বাইয়ে গান্ধী জাদুঘর পরিদর্শন করেছেন। ওবামা দর্শনার্থীদের জন্য রাখা বইয়ে মন্তব্য লেখেন, ‘মহাত্মা গান্ধী শুধু ভারতের নয়, সারা বিশ্বের নেতা।’ স্ত্রী মিশেলকে নিয়ে জাদুঘর ঘুরে দেখেন তিনি। পরে কোনো একদিন দুই মেয়ে মালিয়া ও শাসাকে নিয়ে আবারও গান্ধী জাদুঘরে আসবেন বলে কর্মকর্তাদের জানান তিনি।বিজেপির সমালোচনা: ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মার্কিন প্রেসিডেন্ট ওবামার তাজ হোটেলে দেওয়া বক্তব্যের সমালোচনা করেছে। বিজেপির অভিযোগ, পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা করার ‘সুযোগ নষ্ট’ করেছেন ওবামা। বিজেপি এর নিন্দাও জানায়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে মার্কিন সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিজেপি।প্রেসিডেন্ট ওবামা তাজ হোটেলে বক্তব্য দেওয়ার সময় মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার নাম উল্লেখ করেননি বলে অভিযোগ তোলে বিজেপি।কলকাতায় বিক্ষোভ: আমাদের কলকাতা প্রতিনিধি জানান, প্রেসিডেন্ট ওবামার ভারত সফরের প্রতিবাদে গতকাল দুপুরে কলকাতায় বিক্ষোভ করেছে ফরোয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন ছাত্র ব্লক। তারা মিছিল নিয়ে কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রের দিকে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি হয়। পরে ছাত্র ব্লকের কর্মীরা তথ্যকেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সেখানে প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কুশপুত্তলিকা দাহ করা হয়।এর আগে প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী বিমান দুপুর ১২টা ৫০ মিনিটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই বিমান অবতরণের আগে ও পরে ছয় মিনিট এই বিমানবন্দরে কোনো বিমানকে উড্ডয়ন বা অবতরণ করতে দেওয়া হয়নি। এ সময় মুম্বাই উপকূলে দুই ডজনের বেশি মার্কিন যুদ্ধজাহাজ এবং ভারতীয় নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অবস্থান করছিল। বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চৌহান ও ভারত সরকারের প্রতিনিধি সালমান খুরশিদ। পরে তাঁকে হোটেল তাজে নিয়ে যাওয়া হয়।