স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আইনত নির্দলীয়। নির্বাচনে দলীয়ভাবে প্রার্থীদের মনোনয়ন গ্রহণ ও প্রার্থী বাছাই করার কথা নয়। কিন্তু ক্ষমতাসীন মহাজোট সরকারের বড় দুটি দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (এরশাদ) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখা দলীয়ভাবেই আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।এর মধ্যে জাতীয় পার্টি ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আর আওয়ামী লীগ ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ শুরু করেছে। এই আবেদনপত্রের সঙ্গে এক হাজার টাকাও জমা দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কালীগঞ্জের ১১টি ইউপির চেয়ারম্যান পদের জন্য ৪৪ জন মনোনয়নপ্রত্যাশী আবেদনপত্র জমা দিয়েছেন।প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা গত ২৪ ফেব্রুয়ারি ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় এলাকার ১২টি জেলার ৭২টি উপজেলার ৫৯৬টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। সিইসি ওই দিন সাংবাদিকদের বলেছিলেন, ইউপি নির্বাচন আইনত নির্দলীয়। দলের ব্যানারে প্রচারণা গ্রহণযোগ্য হবে না। কেউ দলীয় ব্যানারে প্রচারণা চালালে তাঁর মনোনয়নপত্র বাতিল হবে। জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২৪ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের এক সভায় সিদ্ধান্ত হয়, ইউপি চেয়ারম্যান পদে যাঁরা দলীয় প্রার্থী হতে চান, তাঁদের আবেদন করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সাংসদ মো. আবদুল মান্নান বরাবর এই আবেদন করতে হবে। আর প্রার্থী যাচাই-বাছাই ও ঘোষণা-প্রক্রিয়া শেষ করতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেনকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আবেদনপত্র জমা দিতে হবে এই কমিটির সদস্যদের কাছে। আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এমন একজন নিয়ামতপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম জানান, তিনি ইতিমধ্যে আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনের সঙ্গে দলীয় পরিচয় দিতে হচ্ছে। সঙ্গে এক হাজার টাকাও দিতে হয়েছে।সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন থেকে আবেদন করেছেন পরিতোষ সেন। তিনি জানান, দলীয় নির্দেশ পেয়ে যাচাই-বাছাই কমিটির সদস্য মনোয়ার হোসেন ওরফে বাদশার কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। সঙ্গে এক হাজার টাকাও দিয়েছেন।এ ব্যাপারে দলীয় প্রার্থী যাচাই-বাছাই কমিটির সদস্য মনোয়ার হোসেন জানান, ২৫ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত তাঁর কাছে ৪৪টি আবেদন জমা পড়েছে। যাঁরা দলীয় মনোনয়ন চাইবেন, তাঁদের আবেদন করতে হবে। পরে কমিটির সদস্যরা বসে প্রার্থী চূড়ান্ত করবেন। আবেদনের সঙ্গে এক হাজার টাকা করে জমা নেওয়ার বিষয়ে মনোয়ার জানান, এটা যাচাই-বাছাই কমিটির খরচের জন্য নেওয়া হচ্ছে। কমিটির আহ্বায়ক ইসরাইল হোসেন জানান, দলের মধ্যে একটা সমঝোতা আনার জন্য এটা করা হচ্ছে। জাতীয় পার্টি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭ ফেব্রুয়ারি জানানো হয়, ২৫ ফেব্রুয়ারি দলের এক সভায় তাঁরা উপজেলার ১১টি ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছেন।স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা আহ্বায়ক নাজিম উদ্দিন জুলিয়াস প্রথম আলোকে জানান, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না। এতে ক্ষমতাসীন দলের প্রভাব পড়বে। সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হবে না।জেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, জেলায় কেউ দলীয়ভাবে ইউপি নির্বাচনে মনোনয়ন দিলে তা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর নির্বাচন কমিশন থেকে মামলা করার নির্দেশ পেলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবেন।