হাজার বছরের জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন: শংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে আজ মঙ্গলবার কলকাতায় এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আমি এখনো ভাবতে পারছি না বন্ধু হুমায়ূন আহমেদ নেই। এখনো ও বেঁচে আছে আমার মনজুড়ে। শুধু আমি নই, পশ্চিমবঙ্গের মানুষের মাঝেও হুমায়ূন বেঁচে থাকবে।’ তিনি আরও বলেন, ‘হুমায়ূনের জনপ্রিয়তা তো শরত্চন্দ্র চট্টোপাধ্যায়কেও ছাড়িয়ে গেছে। আমার তো মনে হয়, শরত্চন্দ্রের কয়েক গুণ বেশি চলেছে হুমায়ূনের উপন্যাস। সত্যি কথা কী, আমি চাইনি প্রাণহীন হুমায়ূনকে দেখতে। চেয়েছি আমার হূদয়ে যেভাবে হুমায়ূন এত দিন ছিল, এখনো সেভাবেই থাকবে।’ সুনীল বলেন, ‘হুমায়ূনদের মৃত্যু নেই। ওরা বেঁচে থাকে মানুষের হূদয়ে। দুই বাংলার মানুষের মাঝে।’ শোকসভায় সাহিত্যিক শংকর (মনিশংকর মুখোপাধ্যায়) বলেছেন, বাংলার এক হাজার বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক হলেন হুমায়ূন আহমেদ। সাহিত্য সৃষ্টিতে তাঁর জাদু গোটা উপমহাদেশে নতুন দিকনির্দেশনা দিয়েছে। আর আজ তাই তাঁর সাহিত্যকর্ম নিয়ে গবেষণার সময় এসেছে। বিকেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে আয়োজন করা হয় ওই শোকসভার। আলোচনায় আরও অংশ নেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, হুমায়ূন আহমেদের বুদ্ধিদীপ্ত গদ্য এবং রোমাঞ্চকর গল্প লেখায় ছিল অদ্ভুত রকমের জাদু। তিনি বলেন, হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হতো। দুই বাংলার সাহিত্যে হুমায়ূন আহমেদ দিয়েছেন নতুন দিকনির্দেশনা। তাঁকে হারিয়ে বাংলা সাহিত্য প্রতিভাবান এক লেখককে হারাল।