হাজার বছরের পুরোনো জলস্থাপত্যের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গোপালপুর গ্রামে এক হাজার বছরের পুরোনো একটি জলস্থাপত্যের (জলাধার) সন্ধান পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি দল ওই এলাকায় খনন চালিয়ে এর সন্ধান পায়। হাজার বছর আগে ইটনির্মিত কোনো জলাধারের সন্ধান এই প্রথম পাওয়া গেল বলে দাবি করেন খনন দলের পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক স্বাধীন সেন।স্বাধীন সেন প্রথম আলো ডটকমকে বলেন, স্থাপনাটি হাজার বছর আগেকার ইটের ঘাটবিশিষ্ট জলাধার। এটি আনুমানিক ৩৩ মিটার দীর্ঘ ও ২৮ মিটার চওড়া। এর পশ্চিম দিকে ইটনির্মিত ঘাটের ধ্বংসাবশেষের আলামত রয়েছে। জলাধারের মাঝে ও পাশে প্রচুর মাটির পাত্র পাওয়া গেছে। মাটির পাত্রের ওপর ভিত্তি করে স্থাপনাটির সময়কাল অনুমান করা হয়েছে।গতকাল শুক্রবার সরেজমিনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক আফরোজা খান মিতা জানান, ইটের তৈরি দশম-একাদশ শতকের জলাধারের সন্ধান পাওয়ার ঘটনা বাংলাদেশে এই প্রথম।স্বাধীন সেন আরও জানান, ২০০৯ ও ২০১১ সালে ঘোড়াঘাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়। জরিপে জানা যায়, জলাধারটি মানববসতির মধ্যে অবস্থিত। এই বসতির সময়কাল আনুমানিক খ্রিষ্টাব্দ নবম-দশম শতকের। তখন এই অঞ্চল বরেন্দ্র নামে পরিচিত ছিল। বরেন্দ্র অঞ্চলে সেই সময় পাল রাজবংশের শাসন চলছিল বলে ঐতিহাসিক বিভিন্ন সাক্ষ্য-প্রমাণে জানা যায়। তিনি বলেন, স্থাপনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি কেবল বিরল একটি নিদর্শনই নয়; বরং বরেন্দ্রের পানি ব্যবস্থাপনা-সম্পর্কিত ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে স্থাপনাটি।খনন দলের সদস্য ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাবিকুন্নাহার প্রথম আলো ডটকমকে জানান, জলাধারটির চারপাশে বসতি ছিল। বসতির চারপাশে আনুমানিক দুই বর্গকিলোমিটার এলাকা পরিখা দিয়ে ঘেরা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জলাধারটি ধর্মীয় স্থাপনা এবং এটি ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহার করা হতো। ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি শুভ রহমান চৌধুরী বলেন, প্রাচীন জনপদ হওয়ায় এই উপজেলার প্রায় সবখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে আছে। এসব প্রত্নতাত্ত্বিক স্থান উন্মোচন ও সংরক্ষণে উপজেলা পরিষদের পক্ষ থেকে তিনি সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান।