হাজার হাজার প্রাণহানির গুজব উদ্দেশ্যপ্রণোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনন্যোপায় হয়ে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সরকার।ঘটনার পাঁচ দিন পর গতকাল শুক্রবার জারি করা সরকারের এক প্রেসনোটে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, নৈরাজ্য প্রতিরোধ, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন সুরক্ষা ও গণনিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ওই অভিযান অনিবার্য হয়ে ওঠে। এ ঘটনায় হাজার হাজার লোকের প্রাণহানির গুজব অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করা হয়।প্রেসনোটে ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও তৎপরবর্তী শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং অভিযানের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।এতে বলা হয়, অভিযানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত হয়। অভিযানে জলকামান, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করা হয়। রাত প্রায় দুইটায় অভিযান শুরুর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে অবস্থানরত জনতা শাপলা চত্বর ছেড়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ীর দিকে চলে যায়। অভিযানকালে মঞ্চের পাশে কাফনের কাপড়ে মোড়ানো চারটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা যায়, সারা দিন বিভিন্ন পর্যায়ের সংঘাতে তিনজন পথচারী, একজন পুলিশসহ মোট ১১ জন নিহত হন।প্রেসনোটে বলা হয়, অবাধ তথ্যপ্রবাহ ও তথ্যপ্রযুক্তির এই যুগে হাজার হাজার লোক হত্যা করে লাশ গুম করা কোনোভাবেই সম্ভব নয়। মুঠোফোন, ই-মেইল, ইন্টারনেটের এই যুগে এটি নিতান্তই অবিশ্বাস্য। এত প্রাণহানি হয়ে থাকলে নিশ্চয়ই নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব প্রিয়জনের সন্ধানে তৎপরতা চালাতেন এবং গণমাধ্যমে তা প্রকাশ পেত। কিন্তু এ ক্ষেত্রে একটি উদাহরণও কোনো মহল থেকে হাজির করা হয়নি। এতেই প্রমাণ হয় ব্যাপক প্রাণহানির বিষয়টি অসত্য ও পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত গুজব।এ ছাড়া অভিযান কার্যক্রম পরিচালনার সময় টেলিভিশন ও স্থির ক্যামেরাসহ বিপুলসংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন, যাঁরা ঘটনা পর্যবেক্ষণ ও সম্প্রচার করেছেন। কিন্তু কোথাও মারাত্মক আগ্নেয়াস্ত্র ব্যবহারের চিত্র পাওয়া যায়নি, দৃশ্য দেখা যায়নি। পুরো অভিযানকালে কারও প্রতি কোনো নিষ্ঠুর ও অমানবিক আচরণের কোনো সংবাদ বা ছবি কোথাও দেখা যায়নি।বিএনপির ফোন পেয়ে সমাবেশে যাননি আল্লামা শফী: হেফাজতে ইসলামের অবরোধ, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ এবং হেফাজতে ইসলামের লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুরের চিত্র তুলে ধরে বলা হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে হেফাজতে ইসলামকে নৈরাজ্য বন্ধ করে সন্ধ্যার আগেই প্রতিশ্রুতিমতো শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়। শেষ বিকেলে তাদের নেতা আহমদ শফী তাঁর অবস্থানস্থল লালবাগ মাদ্রাসা থেকে শাপলা চত্বরের সমাবেশস্থলে রওনা হন। কিন্তু কিছু দূর এসেই তিনি বিএনপির নেতৃপর্যায় থেকে ফোন পেয়ে শাপলা চত্বরে না এসে ফিরে যান। এদিকে নৈরাজ্যকর পরিস্থিতির ব্যাপকতাও বাড়তে থাকে। রাত এগিয়ে এলে বিএনপির নীতিনির্ধারকদের বৈঠক শেষে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তাঁদের নেতা-কর্মীদের হেফাজতে ইসলামের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আনুষ্ঠানিক নির্দেশ দেন এবং ঢাকা নগরবাসীকে হেফাজত কর্মীদের সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান।প্রেস নোটে বলা হয়, শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের লোকজনকে সরিয়ে দিলে তারা ঢাকা-চট্টগ্রাম সড়কে কাঁচপুর এলাকায় আবারও জমায়েত হতে থাকে। পূর্বনির্দেশমতো বিএনপি-জামায়াত কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেয়। তাদের পরিকল্পিত সংঘবদ্ধ আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে দুজন পুলিশ, দুজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়ে মারা যান। সেইসঙ্গে বিভিন্ন পর্যায়ে উন্মত্ত সহিংসতার ফলশ্রুতিতে ১৩ জন মারা যায়। ঘটনা আরও চরম আকার ধারণ করতে থাকলে অধিক ফোর্স জড়ো করে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।