দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কাওড়াকান্দি-মাওয়া রুটের কাওড়াকান্দি ঘাটে কোনো রেকার (টেনে তোলার যন্ত্র) নেই। ফলে হাজার হাজার যাত্রীসাধারণকে প্রায়ই দুর্ভোগে পড়তে হয়। ১৬ ফেব্রুয়ারি সরেজমিনে কাওড়াকান্দি ফেরিঘাটে গিয়ে দেখা যায়, তিনটি ফেরিঘাটের মধ্যে দুটিই প্রায় অচল হয়ে রয়েছে। ১ নম্বর ফেরিঘাটে একটি টিনভর্তি ট্রাক বিকল হয়ে পড়ে আছে। আর অন্য একটি ট্রাক ওই ট্রাকটি টেনে তোলার চেষ্টা করছে। অপরদিকে ফেরিতে ওঠার রাস্তা ঠিক না থাকায় ৩ নম্বর ঘাটেরও নড়বড়ে অবস্থা। ফলে ফেরিগুলো একটি মাত্র ঘাট দিয়ে গাড়ি ওঠানো-নামানোর কাজ করছে। এতে ঘাট এলাকায় যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি আটকে থাকে। ফলে কয়েক হাজার যাত্রী সারারাত ঘাটে দুর্ভোগ পোহায়। তবে নষ্ট হওয়া দুটি ঘাট মেরামত করতে হাইওয়ের পুলিশ দেখা গেলেও ঘাট কর্তৃপক্ষ অর্থাত্ বিআইডব্লিওটিএর কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি। এতে রাতে ঘাটের যাত্রীরা একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উঠলে হাইওয়ের পুলিশ এসে তা নিয়ন্ত্রণে আনে।এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সকালে দেখা যায়, ২ নম্বর ফেরিঘাটে একটি ট্রাক আটকে গেলে তা যাত্রীরা মিলে ঠেলে তুলে। পরে ঘাট আবার সচল হয়। এতে রানীক্ষেত ফেরিটি লোড করতে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা লেগে যায়। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও ফেরিচালক সূত্রে জানা যায়, পদ্মায় অব্যাহত পানি হ্রাসের ফলে কিছুদিন ধরে কাওড়াকান্দি ঘাট থেকে লৌহজং টার্নিং পর্যন্ত ১৪ কিলোমিটার নদীপথে নাব্যতাসংকট চরম আকার ধারণ করেছে। ফলে ফেরিগুলো ধারণক্ষমতার চেয়ে কম সংখ্যক যানবাহন নিয়ে অথবা হালকা যান নিয়ে পারাপার হচ্ছে। এ ছাড়া কয়েক দিন আগে এ রুটের রো রো ফেরি ভাষাশহীদ বরকত দৌলতদিয়া ঘাটে স্থানান্তর করা হয় ও ফ্ল্যাট ফেরি রানীক্ষেত বিকল হয়ে মাওয়া ডকইয়ার্ডে আছে। ফলে সাতটি ফেরি দিয়ে পারাপার করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। পানি কমে যাওয়ায় কাওড়াকান্দির ১ নম্বর ঘাটটি বিকল হয়ে পড়ায় ও ৩ নম্বর ঘাটের রাস্তা দিয়ে ভারী যানবাহন ওঠানামা করতে না পারায় অচলাবস্থা প্রকট আকার ধারণ করেছে।কাওড়াকান্দি ঘাটে বিআইডব্লিউটিসির কর্তব্যরত টিএ (বন্দর সহকারী) ফিরোজ হোসেন ও টিএ মো. সেলিম আহম্মেদ জানান, ‘বিআইডব্লিউটিসির কাজ হলো ফেরি সঠিকভাবে পরিচালনা করা। তবে ঘাট মেরামত ও পরিচালনার দায়িত্ব হলো বিআইডব্লিউটিএর। তার পরও আমরা যাত্রীদের সুবিধার্থে সব সময় সকাল থেকে রাত পর্যন্ত ঘাটগুলো ঠিক রাখতে চেষ্টা করি। ঘাটে প্রায়ই গাড়ি আটকে ঘণ্টার পর ঘণ্টা অচল হয়ে থাকে। রেকার থাকলে গাড়ি আটকে গেলেও সঙ্গে সঙ্গে তা আবার অপসারণ করা যেত। কিন্তু কোনো রেকার না থাকায় যাত্রীদের ভোগান্তি হয়ে থাকে।’বাসচালক জসিম, আহম্মদ আলী, রেজাউলসহ কয়েকজন জানান, ‘ঘাট কর্তৃপক্ষের গাফিলতির জন্য আমাদের দুর্ভোগ পোহাতে হয়। মালবাহী গাড়ি হলে কোনো চিন্তা থাকত না। যাত্রীদের নিয়ে রাতে রাস্তায় থাকা বিপজ্জনক।’হাইওয়ের সার্জেন্ট এসআই আসাদ বলেন, ‘মাঝেমধ্যে কাওড়াকান্দি ঘাটে গাড়ি আটকা পড়ে অকেজো হয়ে যায়। আর এসব গাড়ি টেনে তোলার জন্য কাওড়াকান্দি ঘাটে কোনো রেকার না থাকায় ঘাটগুলো বারবার অকেজো হয়ে পড়ে।’ঘাট এলাকার দোকানদার সালামসহ কয়েকজন জানান, প্রায়ই ঘাটে গাড়ি আটকে পড়ে অনেক জ্যামের সৃষ্টি হয়।বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী মো. কামাল বলেন, ‘জোয়ার-ভাটার কারণে বর্তমানে পদ্মার পানি ওঠানামা করছে। এ জন্য ঘাট নিয়ে একটু সমস্যা হচ্ছে। এ ছাড়া ট্রাকগুলো পরিমাণের তুলনায় বেশি মাল লোড করায় ফেরি থেকে ওঠানামা করার সময় ঘাটে আটকে যায়। তবে এ ঘাটে একটি রেকার থাকলে ভালো হয়।