হাজারীবাগ খাল এখন বাহাদুর বেপারীর ঘাট সড়ক
একটি আধা পাকা সড়কের পাশ ধরে সারি সারি দোকান। দোকানের সামনে টাঙানো লম্বা সাইনবোর্ডে লেখা ‘বাহাদুর বেপারীর ঘাট সড়ক’। সড়কের দুই ধারে ঢাকা ওয়াসার সীমানাখুঁটি জানান দিচ্ছে হাজারীবাগ খালের স্মৃতি।রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের উল্টো দিকের আধা পাকা সড়ক ধরে সামান্য এগোলেই চোখে পড়ে ওই সব দৃশ্য। সরকারি জরিপে মোহাম্মদপুর লিফট স্টেশন থেকে সিকদার মেডিকেল কলেজ পর্যন্ত হাজারীবাগ খালের অবস্থান। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তিন কিলোমিটার দীর্ঘ এবং স্থানভেদে ৬-১৮ মিটার চওড়া হাজারীবাগ খালের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। ওই এলাকায় ৩৫ বছর ধরে বসবাসকারী আবুল কালাম আজাদ বলেন, মাত্র ১০ বছরের মধ্যে খাল ভরাট করে সড়ক হয়েছে। অদূরে একটি বটগাছ দেখিয়ে তিনি বলেন, ওই বটগাছের নিচে বাহাদুর বেপারীর ঘাট ছিল। পাথরের ব্যবসায়ী বাহাদুর বেপারী বেঁচে নেই। খাল ভরাট করে তাঁর নামে সড়ক হয়েছে।সুরম্য অট্টালিকা থেকে শুরু করে অসংখ্য খুপরিঘর গড়ে উঠেছে খালের ওপর। চুয়াডাঙ্গার মিলন মিস্ত্রি বলেন, ১০ বছর ধরে আলাউদ্দিনের ভাড়াটে তিনি। ১০ বছর আগে যে খাল ছিল, সেটি ভরাট করে তিনি ঘর তুলেছেন। তবে জায়গাটি আলাউদ্দিনের নিজস্ব বলেই মিলনের দাবি। বিশাল রিকশার গ্যারেজ, হাউজিং প্রকল্প করা হয়েছে খাল ভরাট করে। এসব যাঁরা করেছেন, তাঁরা ভূমির শ্রেণী পরিবর্তন করিয়ে নিজেদের নামে রেকর্ড করেছেন বলে খোঁজ নিয়ে জানা যায়। খালের জমি যে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার নামে রেকর্ড করে দেওয়া হয়েছে, তা একটি আন্তমন্ত্রণালয় তদন্ত কমিটির প্রতিবেদনেও বলা হয়েছে।রাজধানী ঢাকায় একসময় ছোট-বড় ২৬টি খাল ছিল। এসব খাল দিয়েই নগরের পানি নিষ্কাশিত হতো। নৌপরিবহন ও যাতায়াতব্যবস্থাও চালু ছিল এসব খালের মাধ্যমে। এর মধ্যে হাজারীবাগ খাল এখন সম্পূর্ণ নিশ্চিহ্ন। অন্য ১১টি খালের বিভিন্ন অংশ বেদখল ও মাটি ভরাট করে পানিপ্রবাহ বন্ধ রাখায় সেগুলো এখন মৃতপ্রায়। বাকিগুলোর পানিপ্রবাহ ঠিক রাখতে সরকার নানা ব্যবস্থা নিয়েছে।২০০০ সালের জলাশয় সংরক্ষণ আইন অনুযায়ী জলাশয়, নদ-নদী, পুকুর-নালা প্রভৃতির শ্রেণী পরিবর্তন বা ভরাট করা নিষিদ্ধ ও দণ্ডনীয়। এই আইন বলবৎ থাকা অবস্থায় ঢাকা মহানগরে পরিচালিত সংশোধনী জরিপে (রিভিশনাল সার্ভে, সংক্ষেপে আরএস) হাজারীবাগ খালের জায়গা বিভিন্ন ব্যক্তি ও সংস্থার নামে রেকর্ড করা হয়। ঢাকা মহানগরে আরএস জরিপ হয় ১৯৬৫ সাল থেকে। এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয় ২০০২ সালে। আর মহানগর জরিপ পরিচালিত হয় ১৯৯৫-৯৬ থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত।ঢাকা মহানগরের কিস্তোয়ার জরিপ (ক্যাডেস্ট্রাল সার্ভে, সংক্ষেপে সিএস) রেকর্ড অনুযায়ী খাস খতিয়ানভুক্ত নদী-জলাশয় এবং এর অবৈধ দখলদার চিহ্নিত করাসহ পাঁচটি কাজ করার জন্য ২০১০ সালের ১২ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি আন্তমন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (আইন) নেতৃত্বে গঠিত ছয় সদস্যের ওই কমিটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা ৩০ জুন।কমিটি সূত্র জানায়, তারা হাজারীবাগ খালের পরিধি চিহ্নিত করেছে। দখলদারদের পূর্ণাঙ্গ তালিকাও করেছে। এখন খালের ভূমি ব্যক্তি ও সংস্থার নামে রেকর্ড করে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, হাজারীবাগ খালের সবচেয়ে বেশি জমি, ১৪৫ একর ৩৮ শতাংশ রেকর্ড করে নিয়েছে ঢাকা সিটি করপোরেশন। বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) নামে রেকর্ড হয়েছে ৬৬ একর ৪৮ শতাংশ। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড, তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি, অগ্রণী ট্রান্সপোর্ট এজেন্সি, ঢাকা হাই এস্টেটসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির নামে খালের বাকি জায়গা রেকর্ড হয়েছে। কিছু জায়গা সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত রয়েছে।জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী ও নদ-নদী রক্ষায় গঠিত টাস্কফোর্সের প্রধান শাজাহান খান প্রথম আলোকে বলেন, তদন্ত চলছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর রেকর্ড বাতিলসহ প্রয়োজনীয় আইনগত সব ব্যবস্থা নেওয়া হবে।তদন্ত কমিটির প্রধান ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) কৌশল্যা রানী বাগচী (ইতিমধ্যে বদলি হয়েছেন অন্যত্র। এ ছাড়া তদন্ত শুরুর পর কমিটির প্রধানের পদটি দুবার বদলি হয়েছে) প্রথম আলোকে বলেন, কাজ অনেক দূর এগিয়েছে। এখন রেকর্ড করে দেওয়ার প্রক্রিয়ায় যেসব কর্মকর্তা-কর্মচারী জড়িত, তাঁদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব না হলে আরও সময় নেওয়া হতে পারে বলে তিনি জানান।অন্যান্য খালের চিত্র: মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড থেকে সাংবাদিক কলোনি পর্যন্ত বাইশটেকি খালটির দৈর্ঘ্য ছিল আধা কিলোমিটার, প্রস্থ ১৫ মিটার।তদন্ত কমিটির সূত্র জানায়, খালের বিভিন্ন অংশে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এগুলো অপসারণের দায়িত্ব জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। খালটির পানি সরবরাহ বন্ধ হওয়ায় এটি এখন বদ্ধ জলাশয়।সাংবাদিক কলোনি থেকে বাউনিয়া পর্যন্ত খালটির দৈর্ঘ্য ছিল এক কিলোমিটার, প্রস্থ ৩৩ মিটার। এখন ময়লা-আবর্জনায় ভর্তি খালটির পানিপ্রবাহ বন্ধ।কসাইবাড়ি খালের দৈর্ঘ্য-প্রস্থের কিনারা করতে পারেনি তদন্ত কমিটি। খালটির বিভিন্ন স্থান ডোবায় পরিণত হয়েছে। কিছু অংশ বেদখল হয়ে গেছে। অবৈধ স্থাপনাও কিছু রয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দায়িত্ব থাকলেও তারা এ খাল উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি।দুয়ারীপাড়া ওয়াসা কলোনি থেকে রূপনগর হাউজিং পর্যন্ত খালের দৈর্ঘ্য ছিল ৮০০ মিটার। প্রস্থ নির্ণয় করার মতো অবস্থা খালটির নেই। বেশির ভাগ জায়গায় পানির প্রবাহ নেই।মিরপুর ৬ নম্বর সেকশন থেকে রূপনগর হয়ে দ্বিগুণ ও বায়েনখোলা খালের দৈর্ঘ্য ছিল পাঁচ কিলোমিটার। স্থানভেদে প্রস্থ ছিল ৭ থেকে ৩০ মিটার। এ খালটিও অবৈধ দখলদারের কবলে পড়ে মরে গেছে।মাণ্ডা থেকে ত্রিমোহিনী পর্যন্ত জিরানি খালের দৈর্ঘ্য ছিল পাঁচ কিলোমিটার। স্থানভেদে প্রস্থ ছিল ৯ থেকে ২৪ মিটার। এ খালের পাড় দিয়ে রাস্তা নির্মাণ করায় খাল সংকুচিত হয়ে পানিপ্রবাহের সক্ষমতা হারিয়েছে।আনন্দনগর থেকে গাবতলী আরিচা সড়ক হয়ে কল্যাণপুর প্রধান খাল পর্যন্ত বিস্তৃত কল্যাণপুর ‘ক’ খালের দৈর্ঘ্য ছিল ২ দশমিক ২৬ কিলোমিটার। প্রস্থ ছিল স্থানভেদে ১৮-৩৬ মিটার। বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় খালের পানিপ্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। তবে সরকার কিছু অবৈধ স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করেছে।কাগজে-কলমে কল্যাণপুর ‘খ’ খালের অস্তিত্ব মিরপুর মাজারের কাছ থেকে কল্যাণপুর প্রধান খালের সঙ্গে সংযোগ পর্যন্ত। এখন এই খালের মধ্যেও মাটি ভরাট করে বহুতল ভবনসহ দোকানপাট করা হয়েছে।বর্তমান মোহাম্মদীয়া হাউজিং থেকে কল্যাণপুর প্রধান খাল পর্যন্ত ছিল রামচন্দ্রপুর খাল। ২ দশমিক ৯৪ কিলোমিটার দীর্ঘ এই খালের প্রস্থ ছিল স্থানভেদে ১৮ থেকে ৩০ মিটার। এই খালের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় খালের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না।৩ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ ছিল সুতিভোলা খাল। এই খালের প্রায় ৫০০ মিটার জায়গা নিজেদের নামে রেকর্ড করে নিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা অবৈধ স্থাপনা নির্মাণ করায় খালের প্রবাহ বন্ধ হয়ে গেছে।পুরাতন বিমানবন্দর থেকে বাউনিয়া পর্যন্ত ইব্রাহীমপুর খালের দৈর্ঘ্য ছিল ১ দশমিক ২৬ কিলোমিটার। স্থানভেদে প্রস্থ ছিল ৯ থেকে ১৮ মিটার। খালের বিভিন্ন অংশ নিজেদের নামে রেকর্ড করে নেওয়া ব্যক্তিরা আদালতে মামলা করায় খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারছে না সরকার।এ ছাড়া কাটাসুর খাল, বেগুনবাড়ি খাল, খিলগাঁও-বাসাবো খাল, আবদুল্লাহপুর খাল, সেগুনবাগিচা খাল, মহাখালী খাল, দ্বিগুণ খাল, বাউনিয়া খাল, কল্যাণপুর প্রধান খাল, কল্যাণপুর ‘ঙ’ খাল, কল্যাণপুর ‘চ’ খাল এবং রূপনগর খালের বিভিন্ন অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এসব খালের প্রবাহ কোনো রকমে চালু করা সম্ভব হয়েছে। তবে এসব খালেরও কোনো কোনো অংশ বিভিন্ন ব্যক্তি ও সংস্থার নামে রেকর্ড হয়েছে।