হাজারীবাগে আগুনে পুড়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে গত বুধবার গভীর রাতে আগুন লেগে মাদ্রাসার দুই শিশুছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। আগুনে ১০টি দোকান, ৮০টি বসতঘর ও একটি মাদ্রাসা পুড়ে গেছে। সর্বস্বহারা মানুষ অবস্থান করছে খোলা আকাশের নিচে।নিহত তিনজন হলেন জয়নাল আবেদীন (৭০), অনন্য হোসেন (৭) ও মো. ফেরদৌস। অনন্য ও ফেরদৌস স্থানীয় জামিয়া উবায়দিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র। ফায়ার সার্ভিসের সূত্র জানায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে কামরাঙ্গীরচর থানার হাজারীবাগের কালুনগর বেড়িবাঁধসংলগ্ন এলাকার একটি খাবারের হোটেলে আগুন লাগে। আগুন দেখে এক ব্যক্তি চিত্কার শুরু করলে আশপাশের ঘর ও দোকানে ঘুমিয়ে থাকা অনেকেই দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। কেউ কেউ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত আশপাশের প্রায় ১০টি দোকান, ৮০টির মতো ঘর ও টিনশেডের ওই মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এর আগেই এসব স্থাপনা পুড়ে যায়। পরে একটি ঘর থেকে জয়নালের এবং মাদ্রাসা থেকে অনন্য ও ফেরদৌসের আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়।ওই মাদ্রাসার অধ্যক্ষ আজিমুদ্দিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এটি এতিমখানাও। শতাধিক ছাত্রের মধ্যে ৩০ জনের মতো রাতে মাদ্রাসায় থাকে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘রাত সোয়া দুইটার দিকে চিত্কারে ঘুম ভাঙলে উঁকি দিয়া দেখি, মাদ্রাসার দিকে আগুনের ফুলকি ছুইটা আসতেছে। তাড়াতাড়ি সবাইরে জাগাইয়া তুইলা পাশের বেড়া কাইট্টা যারে যেভাবে পারছি বাইর কইরা দিছি। আগুন নেভার পর ভিতরে গিয়ে দেখি অনন্য ও ফেরদৌসের আগুনে পোড়া লাশ পইড়া আছে।’অনন্যের বাবা কামাল হোসেন বলেন, দুই মাস আগে অনন্যকে ওই মাদ্রাসায় দেওয়া হয়। লেখাপড়ায় যাতে মনোযোগী হয়, সে জন্য তাকে মাদ্রাসায় রাখা হয়েছিল।আবু সাইদ নামের একজন বলেন, নিহত জয়নাল তাঁর চাচাশ্বশুর। জয়নালের ছেলে আবদুল জলিলের মুদিদোকান আছে। তিন-চার দিন আগে তিনি গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ছেলের দোকানে আসেন। দোকানের পেছনে এক ঘরে তিনি ঘুমিয়ে ছিলেন। আগুনে জলিলের দোকানও পুড়ে গেছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ঘরের লোকজন খোলা আকাশের নিচে অবস্থান করছে। কেউ সর্বস্ব হারিয়ে কান্নাকাটি করছে, কেউ ধ্বংসস্তূপে জিনিসপত্র খুঁজছে। ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায়, এক জায়গায় অসহায় ভঙ্গিতে বসে আছেন শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা।বেলা তিনটার দিকে আশপাশের লোকজন ক্ষতিগ্রস্তদের মধ্যে কাপড় ও খিচুড়ি বিতরণ শুরু করে। প্রায় একই সময়ে ময়নাতদন্ত শেষে অ্যাম্বুলেন্সে করে দুই ছাত্রের লাশ সেখানে আনা হলে মাদ্রাসার শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। এ সময় সেখানে পরিবেশ ভারী হয়ে ওঠে।পুড়ে যাওয়া ঘরের দিকে তাকিয়ে কাঁদছিলেন সুফিয়া বেগম। তিনি বলেন, বাসাবাড়িতে কাজ করে টাকা জমিয়ে অনেক আসবাব কিনেছিলেন। আগুনে সবই শেষ। তাঁর মতো সব হারানো রাশিদা বেগম বলেন, ‘আমাদের কষ্ট ভাই আগুনও বোঝে না।’