হাজারীবাগে কিশোরকে পিটিয়ে হত্যা
রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডে শাহ পরান (১৬) নামের এক কিশোরকে দুবৃর্ত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ হাজারীবাগের ৪২/২/২ মনেশ্বর রোডের বাসা থেকে শাহ পরানের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। স্থানীয় একটি সূত্র জানায়, গত বুধবার শাহ পরান হাজারীবাগ লেদার টেকনোলজি মাঠে খেলতে যায়। সেখানে একটি মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, শাহ পরান হত্যাকাণ্ডের বিষয়টি এখনো তাঁরা নিশ্চিত হতে পারেননি। তিনি বলেন, শাহ পরান কোনো কাজ-কর্ম করত না। সে নেশাগ্রস্ত ছিল। প্রায়ই সে বাসার বাইরে থাকত। আজ সকালে শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় তার স্বজনেরা তাকে উদ্ধার করে। পরে শাহ পরানকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহ পরানের বাবা আবদুল বাকের একজন রিকশাচালক।