হাজারীবাগে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর হাজারীবাগ থানার ভাঙ্গলপুর লেন এলাকার একটি বাসা থেকে পুলিশ আজ তমালিকা পোদ্দার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।তমালিকার বাবা বিমল চন্দ্র পোদ্দার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি স্ত্রী-সন্তান নিয়ে ভাঙ্গলপুর লেন এলাকার জেলে পাড়ার ৪৫/১ বাসায় থাকেন। তমালিকা তাঁর দ্বিতীয় সন্তান। সে হাজারীবাগ থানার সালেহা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।বিমল চন্দ্র জানান, আজ হিন্দু ধর্ম অনুসারে শিবরাত্রি থাকায় তমালিকা উপবাস করতে চেয়েছিল। সে গতকাল এ বিষয়ে তাঁকে বলেছিলও। কিন্তু বিষয়টি ভুলে যাওয়ায় তিনি আজ সকালে তাকে খাওয়া-দাওয়া করতে বলেন। অন্যদিকে খাচ্ছিল না বলে তার মা সরস্বতীও তাকে বকাঝকা করেন। বিমল চন্দ্র আরও জানান, এরপর তমালিকা অভিমান করে বাসার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছে। খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।হাজারীবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।শিশুর গলিত লাশ উদ্ধারআজ দুপুরে মোহাম্মদপুর এলাকায় একটি ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে পুলিশ সাদিয়া আক্তার (৪) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, সাদিয়া মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকার এনামুল হক নামে এক ব্যক্তির দত্তক সন্তান ছিল। সে পালক মা-বাবার সঙ্গে বাঁশবাড়ির ৩/১৯ বাসায় থাকত। আজ ওই বাসার পাশে অন্য একটি বাসার ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।ওসি জানান, সাদিয়া গত বুধবার থেকে নিখোঁজ ছিল। আজ সকালে বাসার লোকজন ট্যাংক থেকে পানি তুলতে গেলে দুর্গন্ধ পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।ওসি আরও জানান, ওই পানির ট্যাংকটিতে তালা দেওয়ার ব্যবস্থা থাকলেও তা সব সময় খোলা থাকে। এটা হত্যা না দুর্ঘটনা, তা বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত হচ্ছে।