হাজারীবাগে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসা থেকে পুলিশ আয়েশা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে ৩৫ মনেশ্বর রোডের একটি বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় আয়েশা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, মৃত আয়েশা বেগমের স্বামী খোকন মিয়া প্রথম বিয়ের কথা গোপন রেখে তাঁকে (আয়েশা) বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। প্রায় এক মাস আগে খোকন মিয়া স্ত্রীদের না জানিয়ে আরেকটি বিয়ে করেন। এ নিয়ে আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকাল নয়টার দিকে খোকন মিয়া কাজে বেরিয়ে গেলে আয়েশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।মৃত আয়েশার স্বামী একটি কমিউনিটি সেন্টারের পরিচ্ছন্নতা কর্মী। তিনি স্বামীর সঙ্গে হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। তিনি দুই বছরের এক কন্যাশিশুর মা ছিলেন। এ ঘটনায় মৃত আয়েশার এক নিকটাত্মীয় বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন।