হাজারীবাগে ট্যানারি বর্জ্য ব্যবহারকারী কারখানা বন্ধের নির্দেশ
রাজধানীর হাজারীবাগ এলাকার ট্যানারি বর্জ্য ব্যবহার করে, এমন পোল্ট্রি ও মত্স্য খাদ্য উত্পাদনকারী কারখানাগুলো এক মাসের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন।রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ঢাকাসহ কয়েকটি জেলায় পশুখাদ্য উত্পাদনে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধ ও নিয়ন্ত্রণে দুই মাসের মধ্যে একটি তদারক-সংক্রান্ত নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এ নিয়ে গত বছরে হাইকোর্টে একটি রিট আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ জুলাই আদালত রুল জারিসহ কয়েক দফা অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। রুলে মত্স্য ও পশুখাদ্যে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।স্বাস্থ্যসচিব, মত্স্যসচিব, শিল্পসচিব, পুলিশের মহাপরির্দশকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় দেন আদালত।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।