হাজারীবাগে ট্যানারিতে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে চামড়া প্রক্রিয়া-করণ কারখানা অ্যাপেক্স ট্যানারিতে দুর্ঘটনায় গতকাল শুক্রবার সকালে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন নয়জন শ্রমিক। মৃত তিনজন হলেন দুলাল মিয়া (৫৫), শাহ আলম (৪৫) ও সোলায়মান (৪৫)। দুলালের বাড়ি নোয়াখালী এবং অন্য দুজনের বাড়ি সিরাজগঞ্জে।অসুস্থ ব্যক্তিরা হলেন শাকিল (২৬), শাহ আলম (৪৫), জহুরুল ইসলাম (২৮), আলাউদ্দিন (৫০), আলী হোসেন (৩৫), হিরন (৩০), শমসের আলী (৩২), মোকাররম (৩৫) ও আবদুর রহমান (৪০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ভুল কেমিক্যাল মেশানোর কারণে একটি কক্ষ অক্সিজেনশূন্য হয়ে পড়ে এবং তিনজন শ্রমিক শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে ড্রামম্যানের ভুলে চুনের ড্রামে ভুল রাসায়নিকের মিশ্রণ ঘটে। ফলে ওই ড্রাম থেকে গন্ধযুক্ত গ্যাস বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে গতকাল সকাল পৌনে সাতটার দিকে ড্রামম্যান দুলাল মিয়া ও শাহ আলম বেঞ্চে উঠে ওই ড্রামের ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। তাঁদের সাহায্য করতে গিয়ে ফ্লাশিং মেশিন সহকারী সোলায়মানও অচেতন হয়ে পড়ে যান।কারখানার কেমিস্ট নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি দায়িত্বরত ছিলেন না। সকালে ১৪-১৫ জন শ্রমিক ট্যানারিতে কাজ করছিলেন। ড্রামম্যানরা অভিজ্ঞ হওয়ায় কেমিকেল মেশানোর কাজ তাঁরাই করেন। দুটি রাসায়নিকের বিক্রিয়ায় উত্পন্ন বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটে।অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের নির্বাহী পরিচালক এম এ মাজেদ বলেন, এটি নিছক দুর্ঘটনা। যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই খুব অভিজ্ঞ ছিলেন।গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্যানারির বারান্দায় মৃত তিন শ্রমিকের লাশ রাখা হয়েছে। লাশ ঘিরে সহকর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। কর্মকর্তাদের কেউ কেউ তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বেলা দেড়টার দিকে পুলিশ লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।আলামত সংগ্রহ: খবর পেয়ে হাজারীবাগ থানার পুলিশ, র্যাব ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সহকারী পুলিশ সুপার খুরশীদ জাহানের নেতৃত্বে সিআইডির দলটি ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ করে। খুরশীদ জাহান জানান, প্রাথমিকভাবে বিষয়টি তাঁদের কাছে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। রাসায়নিক বিক্রিয়ার কারণে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়েছিল।অসুস্থ ব্যক্তিরা যা বললেন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর জ্ঞান ফিরে পেয়ে অসুস্থ নয়জন শ্রমিকের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। এঁদের মধ্যে জহিরুল ইসলাম জানান, তিনি রিজার্ভ শ্রমিক হিসেবে অ্যাপেক্স টানারিতে কাজ করেন। গতকাল তিনি গরুর চামড়া বিভাগের চুনের ড্রামের পাশে কাজ করছিলেন। সকালে হঠাত্ ধোঁয়া বের হতে থাকে। দুলাল ও শাহ আলম ড্রাম খোলার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। ড্রাম থেকে তীব্র গতিতে গ্যাস বের হচ্ছিল। তিনি তাঁদের সাহায্য করতে গিয়ে নিজেই অচেতন হয়ে পড়েন।অসুস্থ অপর শ্রমিক হিরন মিয়ার জ্ঞান ফেরে প্রায় চার ঘণ্টা পর। ক্ষীণ কণ্ঠে তিনি জানান, চোখের সামনে তাঁর তিনজন সহকর্মী মারা গেছেন। হাসপাতালে তাঁর শয্যার পাশে বসে কাঁদছিলেন স্ত্রী হাসিনা বেগম। তিনিও ওই ট্যানারিতে কাজ করেন।হাসপাতালে কর্তব্যরত চিকিত্সকেরা জানান, অসুস্থ ব্যক্তিদের অনেকের অবস্থা ভালো নয়, তাই তাঁদের কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।গত ১৮ জানুয়ারি ওই ট্যানারিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শ্রমিক সাইফুল ইসলাম মারা যান।