হাজারীবাগে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে তিলাবাড়ী এলাকায় গতকাল রোববার গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)। পক্ষ দুটি রাত সাড়ে তিনটার দিকে সেহেরি খাওয়ার জন্য স্থানীয়দের ঘুম থেকে ডেকে তোলার জন্য এসেছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আজ সোমবার ছয়জনকে আটক করেছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গতকাল রাত সাড়ে তিনটার দিকে তিলাবাড়ী এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মনির গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তাঁর মৃত্যু হয়। ওসি দাবি করেন, নিহত মনির বখাটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছয়জনকে আটক করে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।