হাজারীবাগে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী দম্পতি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের সোনাতনগড়ে আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাসায় ঢুকে দুর্বৃত্তরা ট্যানারি ব্যবসায়ী রসুল আহমেদ (৩৮) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তারকে (৩২) কুপিয়ে আহত করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রসুল জানায়, হাজারীবাগে ইসলামিয়া ট্যানারি নামে তাঁর একটি প্রতিষ্ঠান আছে। গতকাল গভীর রাতে টেলিভিশনে ফুটবল খেলা দেখে স্বামী-স্ত্রী ঘুমোতে যান। একপর্যায়ে শব্দ শুনে তাঁদের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখেন তিন-চারজন দুর্বৃত্ত চাপাতি হাতে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় চিত্কার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে তাঁরা হামলার কারণ জানাতে পারেনি।রসুলের স্বজনেরা জানান, এ ঘটনায় রসুলের ছয় বছরের ছেলে তাজবিত ঘটনা দেখার পর থেকে নির্বাক হয়ে গেছে।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢোকে। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ভেতরে ঢোকে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।