হাজারীবাগের ট্যানারি থেকে জরিমানা আদায়ের সুপারিশ
ঢাকার হাজারীবাগের চামড়াশিল্পকে দ্রুত সাভারের পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরে সরিয়ে নিতে বলেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি ঢাকায় পরিবেশদূষণের জন্য ট্যানারিগুলোর কাছ জরিমানা আদায় করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আজ বৃহস্পতিবার এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, সরকার অবিরাম পরিবেশবান্ধব ঢাকা শহরের কথা বলে যাচ্ছে। অথচ ট্যানারিগুলো অবিরাম ঢাকার পরিবেশকে দূষিত করে যাচ্ছে। এ জন্য দেশের আইনে জরিমানার বিধান আছে। তাই কমিটি এসব ট্যানারির কাছ থেকে জরিমানা আদায় করতে বলেছে। সেই সঙ্গে দ্রুত ট্যানারিগুলোকে সাভারে সরিয়ে নিতে বলেছে। তিনি বলেন, ঢাকা শহরের চারপাশে তিন কিলোমিটারের মধ্যে যেসব ইটভাটা রয়েছে, সেগুলো আগামী ৩০ জুনের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে।কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার বলেন, ‘সাভারের পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরীতে সকল অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা তাদের কারখানা সরাচ্ছে না। কমিটি আগামী ৩০ জুনের মধ্যে এসব কারখানা সাভারে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিতে বলেছে।’ মোমিন তালুকদার বলেন, ‘ট্যানারির পরিবেশদূষণ নিয়ে দীর্ঘ দিন ধরে আলোচনা চলছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রভাবশালীরা চামড়াশিল্পের সঙ্গে যুক্ত থাকায় কারখানা সরাতে সমস্যা হচ্ছে। তবে সরকার চাইলে এটা সম্ভব।’আবদুল মোমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী, এম এ জব্বার, সোহরাব আলী সানা ও পারভীন তালুকদার অংশ নেন।